বাংলাদেশ-ভারতের মৈত্রীর বন্ধন ‘রক্তের অক্ষরে’ লেখা: তথ্যমন্ত্রী
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে ভারতের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের মানুষের মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা।
বুধবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।
বৃহস্পতিবার গৌহাটিতেও আরেকটি চলচ্চিত্র উৎসব শুরু হবে। সেটিও তথ্যমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।
এ দু্ই উৎসব উদ্বোধনের পাশাপাশি হাছান মাহমুদ ভারত সফরকালে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করবেন। তিনি গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধু কেন্দ্র এবং আসাম নেপাল মন্দিরে ইন্দো-বাংলা জামদানী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করবেন।
বুধবার ত্রিপুরায় উৎসব উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এখন ‘অনন্য উচ্চতায়’ অবস্থান করছে।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান সরকারের ফাঁসির আদেশের পর বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য তৎকালীণ ভারত সরকার দেশে দেশে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল। ভারতের এ অবদান আমরা কখনও ভুলতে পারব না।”
ত্রিপুরার মানুষ ও মুক্তিযুদ্ধকালীন রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ত্রিপুরার মানুষ তাদের রাজ্য এবং মনের দুয়ার দুটিই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবারিত করে দিয়েছিলেন। এবং বাংলাদেশ থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন, যা তারা বোঝা মনে করেন নাই।
“ত্রিপুরাকে নিয়ে আমার আবেগ ও উচ্ছ্বাস রয়েছে। আমরা দুই দেশের মানুষ হলেও ভাষা এক, সংস্কৃতিরও মিল রয়েছে। আমরা একই পাখির কলতান শুনি।”
উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে বলেন, বিশ্বে আজ বাংলাদেশের মানুষের বুক টান করে হাঁটে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে দু'দেশের শত্রুরা কখনও সফল হতে পারবে না।
“বাংলাদেশের স্বাধীনতার বছর একাত্তর সালেই আমার জন্ম। সেকারণে বাংলাদেশের জন্মের সঙ্গে আমার জন্মের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফর হবে বাংলাদেশে।”
আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জীবনীভিত্তিক ‘শেখ হাসিনাঃ আ ডটার'স টেল’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ থেকে আসা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি বিষয়কমন্ত্রী সুশান্ত চৌধুরী, বাংলাদেশের সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সারওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন, ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরাল ইসলাম ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রীর ঢাকা ফেরার কথা।
