২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন জুয়ায় লেনদেন ১৫-২০ কোটি টাকা, গ্রেপ্তার ৩

দুটি ওয়েবসাইটের মাধ্যমে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রেপ্তার হয়েছেন; যারা ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 06:45 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বুধবার সংবাদ সম্মেলনে অনলাইন জুয়া চক্রের এ তিনজনের মধ্যে দুজন ‘মাস্টার এজেন্ট’ বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তাররা হলেন- মো. তরিকুল ইসলাম ওরফে বাবু, রানা হামিদ ও মো. সুমন মিয়া।

গত শনিবার ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তবে বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এসময়ের মধ্যে আসামিদের আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পুলিশ কর্মকর্তা হাফিজ বলেন, “গ্রেপ্তারদের মধ্যে দুইজন জুয়া পরিচালনাকারী মাস্টার এজেন্ট। তারা দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া বা বেটিং (বাজি) খেলার সাইট থেকে আয় করে দেশের বিভিন্ন জায়গায় জমি ও সম্পদ বানিয়েছেন অর্জন করেছেন।

তারা মূলত মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে অবৈধ টাকার লেনদেন করে থাকেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “গ্রেপ্তাররা দুটি বেটিং ওয়েবসাইটের মাস্টার এজেন্ট হিসেবে দেশের বাইরে থাকা সুপার এজেন্টের কাছ থেকে প্রতিটি পিবিইউ (নিজস্ব ভার্চুয়াল কারেন্সি) ৬০ টাকার বিনিময়ে কিনে নেয়। পরে লোকাল এজেন্টের কাছে প্রতিটি পিবিইউ ১০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন।

মালয়েশিয়ায় অনলাইন জুয়া: লক্ষ্য বাংলাদেশ, গ্রেপ্তার ৫ বাংলাদেশি

দুদকের মামলায় সেলিম প্রধানের বিচার শুরুর আদেশ

অনলাইন জুয়ার লোকাল এজেন্টসহ পাঁচজন গ্রেপ্তার  

স্ট্রিমকার: দুজনের অ্যাকাউন্টে ‘১৩ কোটি টাকা লেনদেন’  

“সেই লোকাল এজেন্ট বেটিংয়ে অংশগ্রহণকারীর কাছে প্রতিটি পিবিইউ দেড়শ টাকায় বিক্রি করেন। তারা ৮ থেকে ১০ লাখ টাকায় এসব লোকাল এজেন্ট নিয়োগ দেন।”

এ কাজে টাকার অবৈধ লেনদেন মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে করা হয়। এভাবে সাধারণ ব্যবহারকারীদের টাকা গ্রেপ্তারদের মাধ্যমে দেশের বাইরে চলে যায় বলে জানান তিনি।

গ্রেপ্তারদের ব্যাংক এবং মোবাইল ব্যাংক অ্যাকাউন্টগুলোতে এখন পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়েছে জানিয়ে হাফিজ বলেন, তারা ফেইসবুকে ভুয়া আইডি ও বিদেশি নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বেটিং সাইটগুলো পরিচালনা ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে এ সাইটগুলোর ডোমেইন ব্যবহৃত হয়। বিটিআরসি অনেক সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেউ কেউ প্রক্সি সার্ভার ব্যবহার করে এগুলো পরিচালনা করছেন।”

অনলাইনে জুয়া খেলার ভয়াবহতা উল্লেখ করে ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা বলেন, অনলাইন জুয়া একটা নেশার মতো। এখানে একবার ঢুকলে নিঃস্ব হওয়া ছাড়া অন্য উপায় নেই।

“জুয়ায় অংশগ্রহণকারীরা নিঃস্ব হয়ে যাওয়ায় পারিবারিক সহিংসতা বাড়ছে, যা আইন-শৃঙ্খলার উপর প্রভাব পড়ছে।”

এজন্য পুলিশের মনিটরিং বাড়ানো এবং সকলকে সামাজিকভাবে আরও সচেতনতা হওয়ার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ১১ লাখ টাকা, চারটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ১৩টি অ্যাকাউন্ট ও ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের কাগজপত্র জব্দ করা হয়েছে।

রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তারদের তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।