২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকের হয়ে আদালতে আত্মসমর্পণ করতে এসে কর্মচারী ধরা

মামলায় আসামি ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির মালিক নবাব খান, কিন্তু তার পরিচয়ে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করতে এসে ধরা পড়েছেন ওই কোম্পানির কর্মচারী ফাহিম আহম্মেদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 11:33 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

এ ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. রেজোয়ান খন্দকার।

মঙ্গলবার শুনানির সময় আদালতে আত্মসমর্পণের জন্য উপস্থিত মামলার আসামিকে নিয়ে সন্দেহ হলে মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী তার নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। আসামি ঠিকভাবে উত্তর দিতে না পারায় বিচারক পরিচয়পত্র দেখাতে বলেন। ওই ব্যক্তি সেটাও দেখাতে ব্যর্থ হন।

আসামির ‘অসংলগ্ন’ কথাবার্তায় বিচারক তাকে ‘ভুয়া’ নবাব খান হিসেবে শনাক্ত করেন এবং আদালত সংশ্লিষ্টদের এ বিষয়ে যাচাই করার নির্দেশ দেন। পরে ‘ভুয়া নবাব খান’ হিসেবে ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ফাহিম চট্টগ্রামের কর্ণফুলি থানার উত্তর বন্দর আনেয়ারা এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। নবাব অ্যান্ড কোম্পানির মালিক নবাব খানের বদলে তিনি আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন।

 মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে কাতার ও সৌদি আরব থেকে ১ লাখ ৮৩ হাজার ১৫৬ মেট্রিক টন ইউরিয়া সার কেনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)।  ওই সার গুদামে পৌঁছে দেওয়ার জন্য নবাব অ্যান্ড কোম্পানির সঙ্গে সাতটি চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, বন্দরে আসার ৫০ দিনের মধ্যে বিসিআইসির গুদামে সার বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই কোম্পানি ৬৬ হাজার ৮৭৪ মেট্রিক টন সার বুঝিয়ে দিতে ব্যর্থ হয়।

বার বার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার সারা পৌঁছে না দেওয়ায় ‘রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং কৃষক সারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে’ অভিযোগ করে এই মামলা করা হয়।

বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক সাইফুল আলম বাদী হয়ে ২০২১ সালের ২৩ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, বিসিআইসির গুদামে ইউরিয়া সার পৌঁছানোর জন্য আসামি নবাব খানকে বারবার বলা হলেও তিনি তা না করে প্রতারণার মাধ্যমে ৬১৯ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৪১৯ টাকা ‘আত্মসাৎ’ করেছেন।