বিধি-নিষেধ উঠল, টিকা কার্ড নিয়ে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমে আসায় তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ, এক মাস বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান।
মঙ্গলবার প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে মার্চের শুরুতে।
সকালে রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের টিকা কার্ড হাতে নিয়ে লাইন ধরে স্কুলে প্রবেশ করেতে দেখযা যায়। টিকা কার্ড দেখার পাশাপাশি তাদের তাপমাত্রাও পরীক্ষা করা হয় স্কুলে গেইটে।
এদিকে গত মাসে জারি করা বিধি-নিষেধ উঠে যাওয়ায় রেস্তোরাঁয় বসে খেতে কোনো শর্ত থাকছে না, উন্মুক্ত স্থানে সভা-সমাবেশও বাধা থাকছে না।
কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে বিধিনিষেধ ফিরিয়ে আনা হয়। ১৩ জানুয়ারি ‘উন্মুক্ত স্থানে সব ধরনের জনসমাবেশ নিষেধ, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণে টিকার সনদের বাধ্যবাধকতা, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল এবং টিকা সনদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের বাধ্যবাধকতাসহ ১১টি বিধি-নিষেধ জারি করে সরকার। স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংক্রমণ কমে আসায় গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, ২২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
আগের রুটিনে ক্লাস
সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে বন্ধের আগ পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিদিনই ক্লাস হত। আর পাঠদান হত তিন বিষয়ের। এখনও সেভাবেই চলবে। পরিস্থিতির আরও উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।
>> ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নিতে হবে
>> দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে
>>অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে
>> ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে
>> প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে
>> স্ব স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে।
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও মঙ্গল ও বুধবারের মধ্যে ক্লাসে ফিরছে। বিধিনিষেধ উঠে যাওয়ায় ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পুরোদমে ক্লাস শুরু হচ্ছে।
