বেতন নেই, উল্টো জামানতের টাকা হারিয়ে বিপদে: সিকিউরিটি কোম্পানি খুলে প্রতারণা
গোপালগঞ্জের তরুণ আবু সুফিয়ান নাহিদ ফেইসবুকে বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন। নিরাপত্তাকর্মী সরবরাহকারী সেই কোম্পানি সাক্ষাৎকার নিতে ঢাকায় ডেকেও আনে। এরপর সেই চাকরি হলেও বেতন আর পাওয়া হয়ে ওঠেনি তার; উল্টো খুইয়েছেন গাঁটের টাকা।
এইচএসসি পড়ুয়া নাহিদ আবেদন করেছিলেন সহকারী সুপারভাইজার পদে; আর অফিসে আসার পর সাক্ষাৎকারে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস নামের ওই কোম্পানির বড় কর্তা তাকে আরও বড় পদের লোভে ফেলেন।
সাক্ষাৎকারে বড় কর্তা বললেন, “তুমি হ্যান্ডসাম আছো, দেখতে-শুনতে ভালো, মার্কেটিংয়ের জব করো। সাড়ে ১২ হাজার টাকা জামানত দিতে হবে। থাকা কোম্পানির, খাওয়া খরচ নিজের। মাস শেষে ৪০ হাজার পর্যন্ত কামাই করছে ওই পদের লোকজন।”
এত সহজেই নিজে থেকে একটা ‘লোভনীয়’ কাজ পেয়েছেন ভেবে খুশিই হয়েছিলেন সদ্য কৈশোর পেরোনো এ তরুণ। কোম্পানি থেকে বিস্তর আয়ের লোভও দেখানো হয়েছিল। তবে মাস না গড়াতেই তরুণ নাহিদ বুঝতে পারেন প্রতারক চক্রের পাল্লায় পড়েছেন তিনি।
শুধু তিনি একা নন, তার মতো আরও অনেকেই জামানত দিয়ে এবং বেগার খেটে বিপদে পড়েছে রাজধানী ঢাকার উত্তরখানের এ প্রতারক কোম্পানির ফাঁদে পা দিয়ে। খেয়ে না খেয়ে দিন কেটেছে প্রথম মাসেই।
আবু সুফিয়ান নাহিদ
তাদের অভিযোগের ভিত্তিতে র্যাব-১ সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেসের নারী ব্যবস্থাপনা পরিচালক সামসুন্নাহার মায়া (৩৩) ও তার স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও কোম্পানিটির প্রতারণার তথ্য জানানো হয়।
সেখানেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় নাহিদসহ তিন ভূক্তভোগীর। আর সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাব- ১ এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত মায়া ও তার স্বামী জুয়েল ভুঁইয়া (২৬) মিলে প্রতারণার এ ফাঁদ পেতেছিলেন। মায়া ব্যবস্থাপনা পরিচালক ও জুয়েল মহাব্যবস্থাপক পদ নিয়ে সরকারি কোনো অনুমোদন ছাড়াই নিরাপত্তাকর্মী সরবরাহের কোম্পানিটি খুলে বসেছিলেন।
ভুক্তভোগী তরুণদের অভিযোগের ভিত্তিতে গত রোববার উত্তরখানের মা মনোয়ারা সুপার মার্কেটের চতুর্থ তলায় ওই কোম্পানির কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন- কামরুজ্জামান ডেনিস (২৪), ফারহানা ইয়াসমিন ওরফে সুবর্ণা আক্তার (২৩), মেহেদী হাসান (২১), আল মামুন মাসুদ (২১) ও তাজবীর হোসেন লোহান (১৯)।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা মোমেন জানান, স্বল্পশিক্ষিত মায়া ও তার স্বামী আগে একটি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন। আট মাস আগে তারা নিজেরাই ‘সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস’ নামে কোম্পানিটি খোলেন। এটি মূলত ‘এমএলএম’ কোম্পানির মতো কাজ করত।
“ফেইসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে বুস্ট করতো তারা। এরপর চাকরিপ্রার্থীরা এলে তাদের ভালো বেতনের লোভ দেখিয়ে সাড়ে ১২ হাজার টাকা করে জামানত রেখে নিয়োগপত্র দিত। যারা নিয়োগ পেতেন তারা আরও লোক এনে দিলে জনপ্রতি এক হাজার একশ টাকা করে পেতেন।“
নতুন লোক নিয়ে আসাই ছিল চাকরি পাওয়াদের মূল কাজ ও আয়ের উৎস জানিয়ে তিনি বলেন, যারা লোক আনতে পারতেন না তাদের বেতন হতো না। অথচ ফেইসবুক পেইজে তারা আকর্ষণীয় বেতন ও সুবিধা দেওয়ার কথা বলত। কয়েকদিন ঘুরে-ফিরে প্রার্থীরা যখন জামানতের টাকা ফেরত চাইতেন তখন তাদের তাড়িয়ে দেওয়া হত।
তিনি জানান, মূলত তাদের মূল উদ্দেশ্যে ছিল জামানতের টাকা আত্মসাৎ করা। তারা নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগপত্র দিলেও গত আট মাসে কাউকে কোথাও নিয়োগ দেওয়া হয়েছে এমন তথ্য-প্রমাণ দিতে পারে নাই।
প্রাথমিক তদন্তে র্যাবের হিসাবে গত আট মাসে তারা সাত থেকে আটশ তরুণকে চাকরির ফরম পূরণ করিয়ে জামানতের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
র্যাব কর্মকর্তা মোমেন বলেন, কোম্পানিটিতে খুব সতর্কভাবে ঢাকা ও এর আশপাশের জেলার তরুণদের নিয়োগ দেওয়া হত না। তারা জানেন ঢাকার তরুণদের জানা-বোঝা কিছুটা ভালো। গ্রামের সদ্য এসএসসি বা এইচএসসি পাস তরুণেররাই তাদের লক্ষ্য ছিল।
শুধু এটি নয়, নিরাপত্তাকর্মী সরবরাহের নামে আরও কিছু ভুইফোড় কোম্পানি গড়ে তুলে জামানতের টাকা হাতিয়ে নিতে এমন প্রতারণার ঘটনা সম্প্রতি গণমাধ্যমে এসেছে। আইন শৃংখলা বাহিনীর হাতে ধরাও পড়েছে কেউ কেউ। এরমধ্যে গত বছর অক্টোবরে হোমল্যান্ড সিকিউটিরিটি সার্ভিসের এমন প্রতারণার বিষয়টি ব্যাপক প্রচার পায়।
‘না খেয়ে’ থাকার কষ্ট
র্যাব কার্যালয়ে এসেছিলেন সিনথিয়া সিকিউরিটজের প্রতারণার শিকার বাগেরহাটের তরুণ সাদ্দাম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফেইসবুক দেখে তিনিও ফোন দিয়ে জানতে পারেন, মার্কেটিং কর্মকর্তার বেতন ১৭ হাজার, সিকিউরিটি গার্ডের বেতনও সমপরিমাণ। সহকারী সুপারভাইরের বেতন ১৪ হাজার।
“কিন্তু পরে কদিন বাদেই জানা গেল সবই ভুয়া। সহকারী সুপারভাইজার নামে কোনও পদই নেই। প্রত্যেককে ফেইসবুকের একটি করে পেইজ খুলে দিয়ে প্রচারণার কাজে লাগানো হতো।“
তিনি বলেন, পরিবার খুবই দরিদ্র হওয়ায় একটা কাজের প্রয়োজন ছিল। চাকরিটা পেয়ে খুব খুশি লেগেছিল। কিন্তু এভাবে প্রতারিত হতে হবে, তা ভাবি নাই।
একই প্রতারণার শিকার খুলনার তরুণ সুজন বর্মনও না খেয়ে থাকার কষ্টের কথা তুলে ধরেন।
গোপালগঞ্জের নাহিদ বলেন, চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল, মার্কেটিংয়ের কাজ বলতে শুধুযই টেলিফোন কল ধরে গ্রাহকদের প্রভাবিত করা। তবে এক সপ্তাহ পর বলা হলো তাদের লোক নিয়ে আসতে হবে। একজন লোক আনলে পাওয়া যাবে ১ হাজার ১০০ টাকা। এর বাইরে কোম্পানি কোনো বেতন দেবে না। মাসে অন্তত ১৪ জন লোক (ক্লায়েন্ট) দিতে হবে।
কোনো লোক আনতে না পারায় প্রথম মাসে তাদের বেতন দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, বাড়ি থেকে আনা টাকা দিয়ে জামানত দিয়েছেন। কোম্পানি থাকার জায়গায় দিতে চাইলেও কিছুই দেয়নি। থাকা-খাওয়ার খরচ দিয়ে ঢাকায় থাকতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।
পরে নাহিদ জামানতের টাকা চাইতে গেলে তারা সাফ জানিয়ে দেয় টাকা ফেরত দেবেন না।
আর কেউ যাতে এমন ফাঁদে না পরে সেজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান এই তিন তরুণ।
চাকরিপ্রার্থীরা তাহলে কী দেখে প্রতারকদের চিনবে- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন বলেন, “অনলাইন মাধ্যমেই যাচাই করার এবং জানা-বোঝার পর্যাপ্ত উপায় রয়েছে।
“আমি বলব যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ও জামানত প্রদানের আগে নিশ্চিত হয়ে নিতে হবে। এজন্য অবশ্যই চোখ-কান খোলা রাখতে হবে।”
