২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জেনারেল শফিউদ্দিনের বৈঠক

মালদ্বীপ সফরে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 01:50 AM

Updated : 02 Aug 2022, 02:57 PM

পাশাপাশি মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সঙ্গেও তার বৈঠক হয়েছে বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরের শেষ দিনে বুধবার জেনারেল শফিউদ্দিন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে উভয় দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পারিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে আলোচনা হয়।

আইএসপিআর জানায়, এমএনডিএফ'র সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান শফিউদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্সসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

রাতে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের আমন্ত্রণে নৈশভোজে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে সেনাবাহিনী প্রধান অংশ নেন।

তিন দিনের সরকারি সফরে গত রোববার মালদ্বীপ যান সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন। তিনি ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

মালদ্বীপ সফর শেষে সেনাপ্রধানের দক্ষিণ সুদানে যাওয়ার কথা রয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।