২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতে হবে সীমান্তের অতন্দ্র প্রহরী: নবীন সৈনিকদের বিজিবি প্রধান

বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকদের ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে চোরাচালানরোধসহ সীমান্ত সুরক্ষার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 10:41 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি ।

চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলভাবে শেষ করে ৪৯ নারীসহ ৮৮৫ জন নবীন সৈনিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা করলেন।

নবীন সৈনিকদের উদ্দেশে বিভিন্ন উপদেশ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

“অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও করছি আমরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা বিজিবির সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আরও গতিশীল ভূমিকা রাখাসহ বাহিনীর সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবে।”

মহাপরিচালক অনুষ্ঠানে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

এবারের প্রশিক্ষণে বিজিটিসিঅ্যান্ডসিতে ৯৭তম ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম হয়েছেন নুরুল হুদা মামুন এবং চুয়াডাঙ্গায় সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান হয়েছেন মো. জুবায়ের আলী।