২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটিকে প্রস্তাব: নিজের নাম বাদ দিতে অনুরোধ শাহদীন মালিকের

সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 09:37 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

Image
শাহদীন মালিক।

শাহদীন মালিক।

মঙ্গলবার সার্চ কমিটির কাছে চিঠি দিয়ে তিনি নাম প্রত্যাহারের এই অনুরোধ করেন, যা গণমাধ্যমে বার্তা পাঠিয়েও জানান তিনি।

জানতে চাইলে শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পদের জন্য আমি আমার নাম প্রস্তাব করিনি। তালিকায় কেন আমার নাম এল, নিশ্চিত নই। আমার নাম কে প্রস্তাব করেছে, তাও জানি না। তাই নাম প্রত্যাহারের জন্য আমি মন্ত্রিপরিষদ বিভাগে ই মেইল করেছি।”

নির্বাচন কমিশনে কোনো পদেই তার নাম বিবেচনায় না নেওয়ার জন্য এ আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক নির্বাচন কমিশনের আইনজীবী হিসেবে কয়েক বছর কাজ করেছিলেন এ টি এম শামসুল হুদা সিইসি থাকাকালে।

বর্তমান ইসিসহ নির্বাচন ব্যবস্থা নিয়ে সমালোচনামুখর শাহদীন মালিক। ইসি গঠনের জন্য যে আইন সম্প্রতি হয়েছে, তার সমালোচনাও করেন তিনি।

নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি ইতোমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ৩২২ জনের নাম পেয়েছে। সোমবার সবার নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে।

‘অনুগত’ কমিটির ইসি হবে: শাহদীন মালিক