বসনিয়া থেকে কোথায় গেলেন কয়েকশ বাংলাদেশি?
বসনিয়ার ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন ভেলিকা ক্লাদুসার জঙ্গল, সেখানকার মিরাল ক্যাম্প ও আশেপাশের পরিত্যাক্ত ভবনে দেড় বছর আগে প্রায় ছয়শ বাংলাদেশিসহ বহু অভিবাসী সীমান্ত পার হওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন; এখন সেখানে কেউ নেই৷
বছর দেড়েকের মধ্যে কোথায় গেলেন এই অভিবাসীরা?
ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে গত কয়েক বছর ধরে, তাদের মাধ্যে বহু বাংলাদেশিও আছেন৷ ইউরোপের সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী, ২০২১ সালের প্রথম ছয় মাসে অবৈধপথে ইউরোপে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে রয়েছে বাংলাদেশিরা৷
এই অভিবাসীদের একটি বড় অংশ প্রথমে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন৷ ইউরোপের বহিঃসীমান্তরক্ষী সংস্থা ফ্রনটেক্স এর হিসাবে, ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টা যারা করেন, তাদের তালিকায় বাংলাদেশিরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে৷
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পৌঁছানোর চেষ্টায় এমন অনেক বাংলাদেশি পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে অস্থায়ী ক্যাম্পে আটকে আছেন৷ সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে বসনিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছেন ডয়চে ভেলে বাংলার সাংবাদিক আরাফাতুল ইসলাম ও অনুপম দেব কানুনজ্ঞ৷
তার অংশ হিসেবে বসনিয়ার সীমান্ত সংলগ্ন ভেলিকা ক্লাদুসার জঙ্গলে গেলে ডয়চে ভেলের সাংবাদিকদের সাথে দেখা হয় কয়েকজন বাংলাদেশির৷
দেড় বছর আগে যখন ডয়চে ভেলের বাংলার সাংবাদিকেরা এ জঙ্গলে যান, তখন শত শত বাংলাদেশির সাথে তারাও ছিলেন সেখানে৷
এ দুই বাংলাদেশির দাবি, ওই জঙ্গলে সে সময় থাকা ছয়শ বাংলাদেশির প্রায় সবাই ইতোমধ্যে ইতালি, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন৷
এখনও ওই জঙ্গলে থাকা আশরাফুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, “ওরা তো সবাই চলে গেছে৷ ইতালি, ফ্রান্সে চলে গেছে৷ কেউ কেউ ট্যাক্সি গেইমে, কেউ কেউ হেঁটে হেঁটে চলে গেছেন৷”
সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে অবৈধভাবে গন্তব্যে পৌঁছানোর এই পুরো প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীরা বলেন ‘গেইম’৷
এমন ‘গেইম মারতে' গিয়ে তারা পাচারকারী আর দালালদের সহায়তা নেন৷ কেউ আবার নিজেই এমন ঝুঁকি নিয়ে ফেলেন৷
দেড় বছর আগে বসনিয়ার জঙ্গলে আটকে থাকা প্রায় ছয়শ বাংলাদেশির মাত্র নয়জন এখনও আটকে আছেন জানিয়ে আশরাফুজ্জামান বলেন, তিনি নিজেও ‘৩০-৩৫ বার এমন গেইম মারতে গিয়ে’ ব্যর্থ হয়েছেন৷ এছাড়া ৩০-৩৫ জনের একটি দল এখনো বসনিয়ার রাজধানী সারায়েভোতে আছেন৷
যারা ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে পৌঁছেছেন, তাদের সাথে যোগাযোগ হয় কি না জানতে চাইলে আশরাফুজ্জামান বলেন, তাদের অনেকের সাথেই তার যোগাযোগ হয় এবং তারা ‘ভালো আছেন’৷
তবে দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারায় তাদের অনেকেই ‘ঝামেলায় আছেন’ বলে তার ভাষ্য।
কেন জীবনের ঝুঁকি?
আট বছর ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন বাংলাদেশের রাজু৷ বর্তমানে আটকে আছেন বসনিয়ায়৷ ২০১৪ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করে আড়াই বছর ওমানে থাকার পর চার বছর ইরানে কাটান৷
কেন আট বছর ধরে ঝুঁকিপূর্ণ এমন চেষ্টা? রাজু বললেন, ‘‘টেকা পয়সা কম, আছে কষ্ট৷ তারপর ফ্যামিলিরে দিলেও হয় না, নিজেরও হয় না৷ এ কারণে এই পথে রওয়ানা দিছি৷”
এতে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার কী দরকার- এমন প্রশ্নে রাজু বলেন, “ফ্যামিলিকে সুখে রাখতে গিয়ে কষ্ট করা লাগে৷ বাংলাদেশে তো কাজ নাই যে তাদেরকে কাজ করে খাওয়াব৷ এ কারণেই এই পথে আসা৷”
আশরাফুজ্জামান জানান, ২০১৮ সালে তিনি ইউরোপের পথে যাত্রা শুরু করেন৷ প্রায় ৫-৬ লাখ টাকা খরচ করে তিনি বসনিয়া এসেছেন৷ চার বছর আগে যাত্রা শুরু করে তিনি ওমান থেকে ইরান হয়ে তুরস্কে পৌঁছান৷ তুরস্ক থেকে গ্রিস হয়ে সার্বিয়া এবং সবশেষে বসনিয়ায় এসে আটকেছেন৷
কেন জীবনের ঝুঁকি নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে আশরাফুজ্জামান বলেন, “বাংলাদেশে যদি ব্যবস্থা ভালো হতো তাহলে তো আসা লাগত না৷ মাস্টার্স পাস করেও কাজ পাওয়া যায় না৷ তরুণরা নিজে টিকে থাকবে বা ফ্যামিলিকে ঠিক রাখবে সেই ব্যবস্থা নেই৷”
নিজে ‘গেইম মারতে’ শিখে গেছেন
আশরাফুজ্জামান বসনিয়ার ওই জঙ্গল থেকে ইতালি পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন প্রায় দেড় বছর ধরে। প্রথম দিকে দালাল ধরে ‘গেইম মারার’ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷ এক পর্যায়ে নিজেই ‘গেইম মারতে’ শুরু করেন।
“দালালদের সহায়তায় ১০-১৫ বার গেইম মারার চেষ্টা করেছি৷ যাইতে যাইতে শিখে গেছি কীভাবে যাইতে হয়৷ মোবাইলে লোকেশন দেখে হেঁটে হেঁটে চলে যাই৷”
তবে বার বার স্লোভেনিয়ায় আটকে গেছেন আশরাফুজ্জামান৷ যে কারণে এতবার চেষ্টার পরও ইটালি পৌঁছাতে পারছেন না৷
“আমি বেশিরভাগই স্লোভেনিয়ায় ধরা খাইছি৷ স্লোভেনিয়াতে গাড়িতে উঠতে গিয়ে, গাড়িতে উঠার আগেই পুলিশ এসে, আবার কুকুর এসে ধরে ফেলছে৷”
ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার পুলিশ সীমান্ত পাহারায় তৎপর রয়েছে৷ পুলিশের হাতে ধরা পড়লে নানা ধরনের নির্যাতনের মুখেও পড়তে হয় বলে অভিবাসীদের ভাষ্য৷
