শিক্ষার্থীরা যেন কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষা পায়: প্রধানমন্ত্রী
কেবল গতানুগতিক শিক্ষা নয়, শিক্ষার্থীরা যতে কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষা নিতে পারে, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করে এ বিষয়ে কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বিশ্ব এগিয়ে যাচ্ছে, এখন প্রযুক্তির যুগ।… সেদিকে লক্ষ্য রেখে সরকার ভোকেশনাল ট্রেনিং বা কারিগরি শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় কারিগরি স্কুল করে দেওয়া হচ্ছে।”
পৃথিবী যে এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, সে কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি… এই চতুর্থ শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হবে, আমাদের দেশ এবং বিশ্বব্যাপী, সেই সুযোগটা আমাদের ছেলে মেয়েরা নিতে পারবে। তাদেরকে সেই ধরনের ট্রেনিংই দিতে হবে।
“শুধু গতানুগতিক ডিগ্রি নিলে হবে না।… স্বাভাবিকভাবে যে কোনো মানুষ পড়াশোনা করে আর্থিক স্বচ্ছলতার জন্য, কর্মসংস্থানের জন্য। কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষাই গ্রহণ করতে হবে। সেই শিক্ষাই আমাদের দিতে হবে।”
উচ্চ শিক্ষা প্রসারে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এমনকি বিদেশেও আমরা স্কলারশিপ দিচ্ছি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে সেখান থেকেও আমরা উচ্চশিক্ষা, বিভিন্ন শিক্ষা বৃত্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি।
“কারন শুধু গতানুগতিক শিক্ষা নিলেই হবে না। সময়ের উপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য।”
গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার কারণেই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
“কৃষিতে খুবই আমরা সাফল্য অর্জন করেছি, কিন্তু বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে গবেষণায় এখনো আমাদের আরো জোর দিতে হবে। কারণ মেডিকেল গবেষণাটা খুবই বেশি প্রয়োজন। ঘনবসতিপূর্ণ দেশ আমাদের। সেই দেশে মানুষের স্বাস্থ্য সুরক্ষা, তাদের শিক্ষা, তাদের সব রকম ব্যবস্থা করার জন্য এটা একান্তভাবে দরকার।”
প্রযুক্তি শিক্ষার প্রসারে সারা দেশে মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব করে দেওয়ার কথাও অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।
ছবি: পিএমও
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল, তারা যে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছিল, সে কথাও অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।
“আমরা যে বিজয়ী জাতি, সেই বিজয়ী জাতি হিসেবে বিজয়ের ইতিহাসটাই আমাদের অনেকে জানত না। কয়েকটা জেনারেশন তো তারা কিছুই জানতে পারেনি। অথচ মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে আমরা আমরাদের সেই বীরত্বগাথা জানতে পারি।”
মুক্তিযুদ্ধের ইতিহাস এখন পাঠ্যসূচিতে যুক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা যদি বিজয়ের ইতিহাস না জানি, তাহলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে না, আত্মমর্যাদা বোধ জন্মাবে না।
“বিশ্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমাদের যে যুব সমাজ, সেই যুব সমাজ শুধুমাত্র চাকরিমুখী হবে না। নিজেরাই নিজেদের কাজ করবে। নিজেরা উদ্যোক্তা হবে এবং নিজেরা অন্যকে কাজ দেবে সেইভাবেই তাদেরকে গড়ে তোলা, সেইভাবেই তাদেরকে শিক্ষা দেওয়া, সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সেইভাবে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
শেখ হাসিনা বলেন, “আজকে যারা শিক্ষার্থী, তারাই তো আগামী দিনে এদেশের কর্ণধার হবে। মন্ত্রী, প্রধানমন্ত্রী বা বড় বড় চাকরি বা সর্বক্ষেত্রে জ্ঞানী, বিজ্ঞানী সবকিছু তারা হবে। কাজেই সেভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমরা আশা করি।
“দেশ গড়ার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে সেটাই আমি চাই।”
ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যত কামনা করেন।
তিনি বলেন, “কৃতকার্য হয়েছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা হতে পারেনি, আমি মনে করি যে, একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে পরীক্ষা হয়েছে। কাজেই এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য আপনারা সুযোগ করে দেবেন। এবং তাদেরকে আদর দিয়ে,ভালোবাসা দিয়েই… তাদের অকৃতকার্য হওয়া তাদের কোনো অপরাধ না। বিশ্বব্যাপী এই সমস্যাটা হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না। সারাবিশ্বেই এই করোনা মহামারীর কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
“কিন্ত আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা আরো ভালোভাবে পড়াশোনা করবে। আগামীতে তারা কৃতকার্য হবে, সেই আশা আমি পোষণ করি।”
মহামারীর এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “অন্ততপক্ষে মাস্কটা পরে থাকতে হবে। যাতে কেউ সংক্রমিত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই অবস্থার অবশ্যই উত্তরণ ঘটবে বলে আমি বিশ্বাস করি।”
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষমন্ত্রী দীপু মনি সব বোর্ডের প্রধানদের কাছ থেকে এবারের ফলাফলের অনুলিপি গ্রহণ করেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
