পুরান ঢাকায় পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে
পৌনে এক ঘণ্টা পর পুরান ঢাকার মাহুতটুলির পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, এখন পর্যন্ত কোনো হতাহত নেই।
মাহুতটুলির একটি চারতলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিনের কারখানায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১১টায় আগুনের খবর নিয়ন্ত্রণ কক্ষে আসে।
এরপর আধা ঘণ্টায় সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য ১১টি ইউনিট গিয়ে রাত ১২টা ২০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে।
পুরান ঢাকার আবাসিক ভবনগুলোর নিচতলাগুলো প্লাস্টিক শিল্প সামগ্রী ও রাসায়নিকের গুদাম, দোকান ও কারখানা হিসেবে ব্যবহার হয়ে আসছে।
একাধিকবার এসব কারখানা ও গুদামে আগুন লেগে ব্যাপক প্রাণহাণির ঘটনা ঘটে। তবে এরপরও সেগুলো সরানো যাচ্ছে না।
