পুলিশি নির্যাতনের ক্ষত, ভাইয়ের মৃত্যুর কষ্ট নিয়ে চলছেন রকি
পুলিশের নিপীড়নে হারিয়েছেন ভাইকে, নিজের গায়েও বয়ে বেড়াচ্ছেন নির্যাতনের ক্ষত, তাই নিয়েই সংসারের জোয়াল টানছেন ইমতিয়াজ হোসেন রকি।
৩১ বছর বয়সী এই যুবকের সংসারের ঘানি টানার চেয়ে বড় দুঃখ ভাইয়ের খুনি পুলিশ সদস্যসহ অন্য আসামিদের শাস্তি এখনও চূড়ান্ত না হওয়ায়। কারণ আপিল শেষে এখন মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
রকির মতোই হতাশ কণ্ঠে তার মা খুরশিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারটাও তো এখনও ঠিকমতো পাইলাম না। জজ কোর্টে রায় দিল, এহন আবার হাই কোর্টে চলতাছে। হাই কোর্টের বিচারটা কবে শেষ হবে তাও কেউ কইতে পারে না।
“মনে মনে ভাবি আমার পোলারে যারা মারছে তাগো শাস্তি দেইখা যাইতে পারুম তো। পোলাডারে মাইরা ফালাইল, হ্যার দুইডা পোলা-মাইয়া। তাগোও তো বাঁচতে হইব, কোনো দেনা-পাওনা ক্ষতিপূরণও পাইলাম না।”
২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর-১১ নম্বরের ইরানি ক্যাম্পের এক বিয়ের অনুষ্ঠান থেকে খুরশিদার দুই ছেলেকে ধরে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ।
সারারাত আটকে রেখে নির্যাতন চালানো হয় তাদের উপর। সেই নির্যাতনে মারা যান খুরশিদার মেজ ছেলে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি।
জনির মৃত্যুর পর ওই বছরের আগস্টে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন রকি।
এজাহারে বলা হয়, ওই বছর ৭ ফেব্রুয়ারি রাতে ইরানি ক্যাম্পে্ একটি বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন মাতাল অবস্থায় মেয়েদের উত্ত্যক্ত করলে জনি তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। তখন ঝগড়ার এক পর্যায়ে জনি চড় মারলে সুমন ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যান।
আধা ঘণ্টা পর পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য এসে ওই অনুষ্ঠান থেকে জনিকে থানায় নিয়ে যান। সেখানে তার উপর নির্যাতন চলে বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলায় বলা হয়, নির্যাতনে মৃত্যুর ঘটনা ‘ধামাচাপা দিতে’ আসামিরা পল্লবীর ইরানি ক্যাম্প ও রহমত ক্যাম্পের মধ্যে ‘মারামারির মিথ্যা কাহিনী’ তৈরি করেছিল।
ওই মারামারিতেই রকিসহ কয়েকজন গুরুতর আহত ও জনি নিহত হন দাবি করে পল্লবী থানায় একটি মামলাও করেছিল পুলিশ।
রায়ের পর এসআই জাহিদুর রহমান খান। আদালত সাবেক এই পুলিশ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়। ফাইল ছবি: মাহমুদ জামান অভি
পরবর্তীতে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত শেষে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেন। সেখানে তিন পুলিশ কর্মকর্তা ও দুই সোর্সের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
ওই পাঁচজন হলেন- পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান খান, এএসআই রাশেদুল ইসলাম, এএসআই কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স রাসেল ও সুমন।
পরের বছরের ১৭ এপ্রিল এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
২০২০ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রায়ে তিন পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন এবং দুই সোর্সকে সাত বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডিতদের মধ্যে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও সোর্স সুমন কারাগারে আছেন। এএসআই মিন্টু ও সোর্স রাসেল পলাতক।
মামলার রকি বলেন, “রায়ের পর আসামিরা উচ্চ আদালতে আপিল করায় আটকে আছে রায় কার্যকরের প্রক্রিয়া। এছাড়া দুই আসামি এএসআই মিন্টু ও সোর্স রাসেল এখনও ধরা পড়েননি।”
রাসেল এখনও এলাকায় মাদকের ব্যবসা করে বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন। আর এএসআই মিন্টু পালিয়ে সিঙ্গাপুর চলে গেছেন বলে খবর রয়েছে।
জনি হত্যামামলায় অভিযুক্ত হওয়ার পর এএসআই রাশেদুল ও কামরুজ্জামান মিন্টুও বরখাস্ত হন। ২০১৮ সালে তারা আাবার চাকরি ফিরে পান, বাড্ডা থানায় বদলি হন। রায়ের পর রাশেদুলকে গ্রেপ্তার করা হলেও পালিয়েছেন মিন্টু।
জনি হত্যার আগের মাসেই এসআই জাহিদের বিরুদ্ধে জাভেদ হুসেন নামে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল।
জনি হত্যার অভিযোগ ওঠার পর এসআই জাহিদকে মিরপুর থানায় বদলি করা হয়। সেখানে ওই বছরেরই ১২ জুলাই একই কায়দায় নির্যাতন করে মাহাবুবুর রহমান সুজন (৩৫) নামে এক ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ওঠে জাহিদের বিরুদ্ধে।
ওই মামলায় জাহিদ গ্রেপ্তার হওয়ার পর জনি হত্যার অভিযোগে আদালতে মামলা করেন রকি। সুজন হত্যার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
জনি হত্যার বিষয়ে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব নূর খান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে যারা রাজনৈতিক বা সম্পদের দিক থেকে ক্ষমতাসীন, তারা আইনের ফাঁকগুলোকে নানাভাবে পূর্ণমাত্রায় ব্যবহার করে।
“এই ধরনের ঘটনা হয়ত জনি হত্যার ক্ষেত্রেও ঘটেছিল। তা না হলে হত্যার অভিযোগ ওঠার পরে বরখাস্ত হয়ে দুই এএসআই আবার চাকরি ফেরত পান কী করে? একজন তো (এএসআই মিন্টু) পালিয়েই গেলেন। আইনের মারপ্যাঁচে সাময়িক সুবিধা নিলেও আমি আশাবাদী প্রকৃত অপরাধীদের অবশ্যই সাজা পেতে হবে। কারণ সেখানে সহবন্দি তার (জনির) আপন ভাই ছিল। সিসি টিভি ক্যামেরার ফুটেজ ছিল।”
পারিবারিক অ্যালবামে ভাইদের সঙ্গে ইমতিয়াজ হোসেন রকি (সামনে বাঁয়ে), পেছনে ডানে রয়েছেন ইশতিয়াক হোসেন জনি।
সেই মারের ব্যথা এখনও
সাত বছর গড়ালেও পুলিশের সেই মারের জন্য এখনও ভুগতে হয় রকিকে।
সেদিনের ঘটনার বর্ণনায় তিনি বলেন, এসআই জাহিদ তাদের দুই ভাইকে ধরে নিয়ে থানা হাজতের একটি পিলারের সঙ্গে দুটি হাতকড়া দিয়ে দুজনকে বাঁধেন। দুই ভাই দুই পাশে, মাঝে পিলার। রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা মারধর করা হয় তাদের।
রকি বলেন, হাতকড়ায় টান পরে রক্ত বের হলে খুলে দেওয়া হয়। তখন দুই ভাই মাটিতে পড়ে যান। মারতে মারতে বাসা থেকে টাকা আনতেও বলছিলেন জাহিদ।
“ভাইয়া (জনি) একটু মোটা আছিল। মাইর খায়া টিকতে পারল না। আমি বাঁইচা গেছি। তবে পুলিশের মাইর কী জিনিস, যারা খায়নি তারা বুঝবো না।’
এখকার কষ্টের কথা জানিয়ে রকি বলেন, “শীত আইলেই ব্যথা শুরু হয়। ডাক্তারের কাছে গেলে ভিটামিন ট্যাবলেট দেয়, গরম পানি দিয়া ঠ্যাংয়ে শেক দিবার কয়।
“আমার তো বইসা থাকলে আমার চলে না। বইসা গাড়ির কাম করতে হয়, কিন্তু আমি বেশিক্ষণ একটানা করতে পারি না। কোমর ব্যথা করে। এই কোমরে কয়েকটা স্ট্যাম্প ভাঙছে এসআই জাহিদ। জোরে হাতুড়ি চালাইতে পারি না। হাতেও ব্যথা আছে।”
মায়ের সঙ্গে ইশতিয়াক হোসেন জনি।
যেমন চলছে জীবন
ভাইয়ের মৃত্যুর পর অন্য দুই ভাই আলাদা সংসারে থাকায় মূল পরিবারের দায়িত্ব নিয়েছেন রকি। মোটরগাড়ির ইঞ্জিন সারাইয়ের কাজ করতে করতে নিজে একটি দোকানও দিয়েছেন।
মা খুরশিদা বলেন, তার ছোট ছেলেটি যখন ১০ মাসের, তখন স্বামীকে হারান তিনি। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারেননি, সেই দুঃখবোধ তার ঘোচেনি। একা হাতে চার ছেলেকে বড় করেছেন। ছেলেরা যখন একটু একটু করে রোজগার করতে শুরু করেছে তখনই তার সুখে পুলিশের হানা পড়ল।
তিনি বলেন, “রকির বাপে যহন মারা যায়, তহন রকি ১০ মাসের বাচ্চা। কী কষ্ট কইরা পোলগুলানরে বড় করছি। আবার পুলিশে যহন জনিরে পিডায়া মারল তহন ওর পোলাডা ছয় বছরের আর মাইয়াডার মোটে এক বছর। সংসারডা আমার ভাইসা যায় যায় অবস্থা।
“বিধবা বউ, দুইডা এতিম বাচ্চা, রকি তহনো পুলিশের মাইর খাইয়া ঠিকমতো কাম করতে পারে না। আবার মামলার দৌড়াদৌড়ি, পুলিশের ঝামেলা। কী যে দিন গ্যাছে আমাগো!”
তবে এখন অবস্থা আগের চেয়ে ভালো বলেই জানান তিনি। নিহত জনির ছেলে-মেয়েরা এখন স্কুলে পড়ছে।
খুরশিদা বলেন, “কিছুদিন পর রকি আবার গাড়ির কাম ধরল। দোকানও নিল। তহন জনির বউডার লগেই ওর বিয়া দিলাম। কী আর করমু?
“এমপি সাহেব (ইলিয়াস আলী মোল্লা) নিজে থাইকা বিয়া দিছে, উকিল বাপ হইছে। নইলে আমরা আর কার ধারে গিয়া খাড়াই! কিন্তু সরকার তো আমার এতিম বাচ্চাগুলারে কিছুই দিল না।”
