‘জিনের বাদশা’কে অনলাইনে আনা ৩ প্রতারক গ্রেপ্তার
জিন হাজির করে মানুষের নানা সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা বাংলাদেশে বহু দিন ধরেই চলছে, ইন্টারনেটের প্রসারে এখন অনলাইনেও ছড়িয়েছে সেই প্রতারণার জাল।
এভাবে অনলাইনে ‘জিনের বাদশা’ নাম ভাঁড়িয়ে প্রতারণা করে মানুষের প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সোমবার গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তা্র করে মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সিআইডি বলেছে, তারা সবাই একটি চক্রের সদস্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবদুল গফ্ফার (৩০), লুৎফর রহমান (২৬) ও মো. শামীম (২৬)।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা চালাতেন।
জটিল ও কঠিন রোগাক্রান্ত মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার ব্যবস্থা করা, দাম্পত্য কলহ দূর করা, বিয়ের বাধা দূর করা, চাকরিতে পদোন্নতি, কম দামে সোনা কেনা- এমন সব বিজ্ঞাপন দেওয়া হত।
মুক্তা বলেন, “সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ যোগাযোগ করলে নিরীহ সরলমনা মানুষকে ফাঁদে ফেলে এবং তাদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে টাকা আদায় করে আত্মসাৎ করত।
“তারা গভীর রাতে জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে গত ছয় মাসে আনুমানিক অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিনজন ‘জিনের বাদশা’ সেজে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান এই সিআইডি কর্মকর্তা।
এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন স্থানে সক্রিয় ছিল জানিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, গ্রেপ্তার লুৎফর রহমানের বিরুদ্ধে আগেরও মামলা রয়েছে।
