শহীদুল্লা কায়সার-জহির রায়হানের বোন নাফিসা কবীর আর নেই
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং জহির রায়হানের বোন নাফিসা কবীর মারা গেছেন।
নাফিসা কবীর।
বাহান্নোর ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী নাফিসার বয়স হয়েছিল ৯০ বছর।
নাফিসার ভাগ্নি সংসদ সচিবালয়ের উপ-সচিব লাবণ্য আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ৭টায় (বাংলাদেশ সময়) মারা যান।”
নাফিসা কবীর চার মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া নাফিসার স্বামী ডা. এম এ কবীর আগেই মারা যান।
ষাটের দশক থেকে প্রবাসী নাফিসা স্বামীর সঙ্গে প্রথমে যুক্তরাজ্য গিয়েছিলেন। পরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
হাবীব উল্ল্যা ও সুফিয়া খাতুনের জ্যেষ্ঠ মেয়ে নাফিসা পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।
তার ভাইদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন শহীদুল্লা কায়সার। তিনিসহ জহির রায়হান ও জাকারিয়া হাবিব মারা গেছেন। জীবিত দুই ভাই ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্র প্রবাসী, আরেকজন সাইফুল্লাহ চৌধুরী দেশেই রয়েছেন। বোনদের মধ্যে কেবল বেঁচে আছেন শাহেনশা বেগম। আরেকজন ডা. সুরাইয়া বেগম ২০০১ সালে যুক্তরাষ্ট্রে মারা যান।
