বাংলালিংক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক কর্মকর্তার বিরুদ্ধে ‘নগর বাউল’ ও ‘মাইলস’ এর করা কপিরাইট আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুটি মামলায় শুনানির দিন ধার্য থাকলেও বিচারক কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় তা হয়নি।
এদিন ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম শুনানির জন্য আগামী ১১ এপ্রিল নতুন তারিখ দিয়েছেন। এর আগে গত ৫ জানুয়ারি শুনানির দিন থাকলেও বাদীপক্ষের সময় আবেদনে তা পেছানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, “সংশ্লিষ্ট আদালতের বিচারক অসুস্থতাজনিত কারণে গত বৃহস্পতিবার থেকে ছুটিতে আছেন। তাই চার্জ শুনানির জন্য ভারপ্রাপ্ত বিচারক নতুন তারিখ ঠিক করে আদেশ দিয়েছেন।”
গত ১০ নভেম্বর বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের জেমস এবং মাইলসের মানাম আহমেদ ও হামিন আহমেদ পৃথক দুটি মামলা করেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসসহ মামলার আসামিরা সবাই জামিনে আছেন।
অপর আসামিরা হলেন- চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভাস (ভ্যালুয়েডেড সার্ভিস) অনিক ধর।
এছাড়া প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ায় বাদীপক্ষ আসামির তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে।
মামলায় মানাম ও হামিন অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি বাংলালিংক অনুমতি ছাড়া ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।
এর আগে ৬ ডিসেম্বর আদালতে শুনানি শেষে আসামিদের আইনজীবী বাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীপক্ষের সঙ্গে মামলা নিয়ে আপসের কথা চলছে। জেমস ও মাইলস ৫ কোটি করে ১০ কোটি টাকা চেয়েছেন।
আরও পড়ুন
