ঢাকার কদমতলীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কদমতলী এলাকায় এক নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতীকী ছবি
পায়েল একটি হাসপাতালে চাকরি করতেন। কদমতলীর একটি বাসায় আরেকটি পরিবারের সঙ্গে ভাড়া (সাবলেট) থাকতেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে ওই বাসা থেকে পায়েলের ঝুলন্ত লাশ উদ্ধারের পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নাজমা আক্তারের বাসায় সাবলেট থাকতেন পায়েল। নাজমা পুলিশকে জানিয়েছেন, তিনি ও তার স্বামী সকালেই কর্মস্থলে গিয়েছিলেন। রাত ৯টার দিকে ফিরে ঘর ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকিতেও সাড়া না পেয়ে তারা থানায় খবর দেন।
কদমতলী থানার এসআই জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় পায়েলকে।
“প্রাথমিক তদন্তে জানা যায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পায়েল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”
নাজমার বাসায় একটি কক্ষ চার মাস আগে ভাড়া নিয়েছিলেন পায়েল। তিনি লতা নামে আরেকজনকে নিয় থাকতেন। তবে মঙ্গলবার পায়েল একাই ছিলেন বাসায়।
আত্মহত্যা সন্দেহ করলেও তার কারণ কী, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি কেউ।
এসআই জেসমিন বলেন, পায়েলের স্বামীর সঙ্গে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তার একটি সন্তান রয়েছে গ্রামের বাড়িতে নানা- নানীর কাছে থাকে।
