২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে ২১ কেজি আইস জব্দ করেছে বিজিবি

সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি জানুয়ারি মাসে ২১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 01:22 AM

Updated : 28 Apr 2022, 11:35 PM

নতুন মাদক আইসের পাশাপাশি ১৭ লাখ ৫২ হাজার ৯৯১টি ইয়াবা ট্যাবলেটও জব্দ হয়েছে এই সময়ে।

মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মাসজুড়ে সীমান্তে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং আটকের তথ্য জানায়।

আইস ও ইয়াবার পাশাপাশি ৩২ হাজার ১৯৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৪২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ১০৯ ক্যান বিয়ার, ২ হাজার ২৬ কেজি গাঁজা, ৭ কেজি ১৩৯ গ্রাম হেরোইন, ইনজেকশন, এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেটও জব্দ করেছে বিজিবি।

এই এক মাসে সীমান্তে বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৭ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের জন্য আটক করা হয়েছে ২১৮ জন বাংলাদেশি এবং ১৩ জন ভারতীয় নাগরিককে।

জানুয়ারি মাসে ১২টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার, ১৮টি পিকআপ, ৩০টি অটোরিকশা ও ইজিবাইক এবং ৬৩টি মোটর সাইকেল আটকের পাশাপাশি ৩টি পিস্তল, ২টি বিভিন্ন প্রকার বন্দুক, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।