২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ-ট্রলার সংঘর্ষ: নৌ অধিদপ্তরের মামলায় ৩ আসামিকে হাজিরের নির্দেশ

বুড়িগঙ্গার ধর্মগঞ্জে লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষে হতাহতের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের করা মামলায় এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার, চালক এবং ট্রলারের সুকানিকে আদালতে হাজির করার আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 09:38 PM

Updated : 02 Aug 2022, 02:33 PM

এই তিনজন হলেন: এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক জসিম উদ্দিন ভূঁইয়া এবং ট্রলারের সুকানি জসিম মোল্লা। বিআইডব্লিউটিএ এর করা মামলায় গ্রেপ্তার হয়ে তারা ইতোমধ্যে কারাগারে আছেন।

ঢাকার নৌ আদালতের বিচারক জয়নাব বেগম বুধবার নৌপরিবহন অধিদপ্তরের আবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।

নৌপরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান বুধবারই ঢাকার নৌ আদালতে এ মামলা দায়ের করেন। তার মামলা আমলে নিয়ে তিন আসামিকে ৩১ জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দেন বিচারক।

ধলেশ্বরীরে ট্রলার ডুবি: লঞ্চের চালকসহ ৩ জন কারগারে  

গত ৫ জানুয়ারি বুড়িগঙ্গার ধর্মগঞ্জে এমভি ফারহান-৬ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর কেরাণীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে লঞ্চটি আটক এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) বাবু লাল বৈদ্য ফতুল্লা মডেল থানায় মামলা করেন।