২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট চায় সংসদীয় কমিটি

বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় শাহজালাল বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্টের সুযোগ রাখার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 09:49 PM

Updated : 02 Aug 2022, 02:33 PM

বিশেষ করে দুবাইগামী যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এ পদ্ধতি রাখার কথা বলেছে কমিটি।

এতে আরব আমিরাত যাত্রার ছয় ঘণ্টা আগে বাধ্যতামূলকভাবে কোভিডের আরটি পিসিআর পরীক্ষার জন্য কেউ ছয়-সাত ঘণ্টা অপেক্ষা করতে না চাইলে বিকল্প এ সেবা নিতে পারবে।

মঙ্গলবার বিকালে সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, “দুবাই যেতে চাইলে ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে যেতে হয়। সেজন্য আমরা একটা অপশন রাখতে চাই।

“র‌্যাপিড পিসিআর টেস্টের একটা অপশন যদি থাকে, কেউ যদি তাড়াতাড়ি যেতে চায় তবে সে র‌্যাপিড টেস্ট করে যেতে পারে।”

তিনি বলেন, শ্রমিকরা যারা যাচ্ছেন তাদের আরটিপিআর টেস্টের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়ে দেয়। কিন্তু র‌্যাপিড পিসিআরে পরীক্ষার জন্য ৪-৫ হাজার টাকা লাগে। কেউ যদি মনে করে সে অনেকক্ষণ বিমানবন্দরে থাকবে না। তাহলে অপশনটা ব্যবহার করতে পারে।”

সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। মহামারীর মধ্যে সেদেশে যেতে হলে যাত্রার আগের ছয় ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে কোভিড পরীক্ষা করা বাধ্যতামূলক।

ঢাকার শাহজালাল ও চট্টগ্রামে শাহ আমানত বিমানব্ন্দরে আরটি পিসিআরে পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার।

দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে হবে পিসিআর পরীক্ষা  

বৈঠকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের বিষয়েও সুপারিশ করা হয়।

ঢাকায় যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য ল্যাব বসানো হয়েছে বিমানবন্দরে পার্কিংয়ের নিচতলায়। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা স্বাভাবিকভাবেই সময় নিয়ে কোনো ঝুঁকি রাখতে চান না।

এ কারণে কোভিড পরীক্ষার জন্য প্রতিদিন ফ্লাইট ছাড়ার ৮ থেকে ১০ ঘণ্টা আগে বিমানবন্দরে ভিড় করছেন কয়েকশ প্রবাসী। আশপাশের দোকান থেকে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে কোনো সুপারিশ এসেছে কিনা জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা র‌্যাপিড টেস্টের কথা বলেছি, যাতে কেউ চাইলে কম সময়ে করে ফেলতে পারে।”

সম্প্রতি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে সিন্ডিকেশনের কোনো সুযোগ নেই।

“তবে মালয়েশিয়ায় একটা ব্যাপার আছে। তারা এজেন্ট পছন্দ করবে। আমরা তালিকা পাঠিয়ে দেব। তারা পছন্দ করে যাদেরকে দিতে চায় তারা দেবে।“

টিকেটে ১০ শতাংশ ছাড়ের সুপারিশ

এদিকে বাংলাদেশ বিমানকে প্রবাসী শ্রমিকদের জন্য টিকেটে ১০ শতাংশ ছাড় দেওয়ার সুপারিশ করেছে কমিটি। কর্মীদের স্মার্ট কার্ড দিয়ে টিকেট কেনার ক্ষেত্রে এ ছাড় দেওয়ার জন্য বলেছে কমিটি।

আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ ও হাবিবুর রহমান অংশ নেন।