ভাষানটেকে বোমাবাজির মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর সাজা
আট বছর আগে বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে ঢাকার ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় দলটির ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৯ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম সোমবার আসামিদের বিস্ফোরক আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে, ঢাকায় তারা থাকতেন কাফরুলের কচুক্ষেত এলাকায়।
রায়ে আসামিদের প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওবায়দুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে আসামির তালিকায় ২৪ জনের নাম ছিল। তাদের মধ্যে ১৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, ২০১৩ সালের ১৬ নভেম্বর ভাষানটেক বাজার এলাকায় লাল টেপ দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগে ৬টি হাতবোমা দণ্ডিতদের কাছ থেকে উদ্ধার করা হয়।
মামলার বিচারকাজ চলার সময় রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
