আমলাদের ‘কর্তৃত্বপরায়ণ’ করেছে ঔপনিবেশিক আইন: মান্নান
ঔপনিবেশিক আমলের অনেক আইন আমলাদের ‘কর্তৃত্বপরায়ণ’ করে তুলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার ‘কৃষিজের টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক নেটওয়ার্কিং কনফারেন্স ও প্রযুক্তি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশের প্রকৌশল পেশাজীবীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ঔপনিবেশিক আমলের আইন সংশোধনে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ঔপনিবেশিক শাসকরা সম্পদ আহরণের স্বার্থে অনেক কর্তৃত্ববাদী আইন রেখে যাওয়ায় এখনও সেসব আইন কেতাবে রয়ে গেছে।
“এসব কর্তৃত্ববাদী আইনের কারণে আমলারা অনেক সময় কর্তৃত্ববাদী আচরণ করতে পারেন। অথচ এখন আমরা স্বাধীন ও নিজেদের শাসন নিজেরা করছি ।”
অনুষ্ঠানে আইইবির সহ সভাপতি প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু অভিযোগ করেন, প্রশাসনের কর্তৃত্বের কারণে জ্ঞানভিত্তিক পেশাজীবির বদলে সব জায়গায় প্রশাসনের লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গুরুত্বপূর্ণ একটা পদে প্রশাসেনর লোক বসিয়ে দেওয়া হয়েছে। অথচ এর আগে কখনোই এই পদে প্রকৌশলী ছাড়া কাউকে পদায়ন করা হয়নি।
“অথচ ওই পদের কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রকৌশলী হওয়া দরকার। কিন্তু প্রশাসনের খবরদারির কারণে এবার প্রথমবারের মতো অন্য ক্যাডারের কর্মকর্তা বসানো হল। এতে জ্ঞানভিত্তিক পেশাজীবি গড়ে উঠবে না এবং পেশাভিত্তিক দক্ষ জনবলও তৈরিতে বাধা সৃষ্টি করছে।”
এরপর প্রধান অতিথির বক্তব্য দিতে এসে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, “যাদের হাতে কেতাব থাকে, তারাই কর্তৃত্ববাদী হন। কর্তৃত্ববাদী আইন-নীতিমালাগুলো ঔপনিবেশিক প্রভুরা তাদের সাময়িক প্রয়োজনে এগুলো বানিয়েছিল। তাদের জন্য খুবই প্রয়োজন ছিল। তাদের জন্য প্রয়োজন ছিল উপনিবেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ধরে রাখা এবং সম্পদ আহরণ করা।
“এগুলো যেহেতু কেতাবে আছে, বইয়ে আছে; সুতরাং আমিতো নাও করতে পারি না যে, কেন আপনি এটা ব্যবহার করছেন বা কেন আপনি দেরিতে কাজটা করছেন?
“কারণ এখানে (বিভিন্ন আইনে) বলা আছে, এটা করার পর তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে, ৯ সপ্তাহ পর দ্বিতীয় হিয়ারিং লাগবে, তৃতীয় হিয়ারিং লাগবে ইত্যাদি অনেক ঘোরপ্যাঁচ আছে” যোগ করেন তিনি।
মান্নান বলেন, “যেহেতু এগুলো তারা বিলুপ্ত করে যায়নি, এখন এগুলো আমাদের দায়িত্ব। কিন্তু বিলুপ্ত করা খুব কঠিন কাজ।”
এ পরিস্থিতি থেকে উত্তরণে সংস্কার কাজ চলছে বলে জানান তিনি।
আইইবি সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু, সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী মো. নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
