আবরার হত্যা: ‘ডেথ রেফারেন্স’ গেল হাই কোর্টে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য রায়সহ নথিপত্র ‘ডেথ রেফারেন্স’ হিসেবে পাঠানো হয়েছে হাই কোর্টে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে এসব নথিপত্র বৃহস্পতিবার হাই কোর্টে পাঠানো হয় বলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূইঞা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের জবানবন্দি ও রায়সহ মোট ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার নথি হাই কোর্টে পাঠানো হয়েছে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের আগে হাই কোর্টের অনুমোদন নিতে হয়। সেই অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয়ে হাই কোর্টে, যাকে ‘ডেথ রেফারেন্স’ বলে।
বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা।
গতবছর ৮ ডিসেম্বর সেই মামলার রায়ে ২৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান। ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তিনি।
