২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন কর্মকর্তার পদায়নে ‘অনিয়ম’ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্ব দিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 07:17 PM

Updated : 25 Oct 2022, 10:07 AM

রোববার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য এএম নাঈমুর রহমানকে আহ্বায়ক এবং জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুমকে সদস্য করে তিন সদেস্যের ওই উপ-কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ নানা অভিযোগ উঠেছে বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

সেসব খবরে বলা হচ্ছে, জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত হওয়ার পরও পদোন্নতি না দিয়ে চলতি দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ওই পদে। ভুক্তভোগীদের পক্ষ থেকে সম্প্রতি এ বিষয়ে অভিযোগ করা হয়েছে যুব উন্নয়নের অধিদপ্তরে।

গত ২৫ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১১২ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে (তৃতীয় শ্রেণির পদ) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা) চলতি দায়িত্বে পদায়ন করা হয়। এটি করতে গিয়ে কয়েকশ জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘বাদ দেওয়া হয়েছে’। অথচ গত ১৯ মে এক হাজার ১২৩ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত করা হয়েছিল।

সংসদীয় কমিটির বৈঠকে এদিন রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পাঁচশ গাড়ি পার্কিংয়ে সুবিধা রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম অংশ নেন।