মাইক্রোবাসের উপর বাস: চালক কে ‘জানেন না’ কেউ
রাজধানীর খিলক্ষেতে সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর উঠে পড়া এনা পরিবহনের একটি বাস নিয়ে দিনভর আলোচনার মধ্যে বাসটি কে চালাচ্ছিলেন, তা এখনও অজানা।
মালিকপক্ষের দাবি, গোপনে কেউ বাসটি নিয়ে পথে নেমে এ দুর্ঘট্না ঘটায়। পুলিশও ‘অজ্ঞাত’ সেই চালকের খোঁজে রয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনায় কারও প্রাণ না গেলেও পুলিশ বলছে, মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। আর ঘটনার পরই পালিয়ে গেছেন বাসটির চালক ও কর্মীরা।
এ ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রাসেল পারভেজ।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও কর্মীরা লাফ দিয়ে পালিয়ে যান। কোনো যাত্রী ছিলেন না।
এনা পরিবহনের মালিক ও পরিবহন নেতা খন্দকার এনায়েতুল্লাহর দাবি ‘গোপনে বাসটি কর্মীদের কেউ রাস্তায় নিয়েছিলেন’। কে সেটি চালাচ্ছিলেন তা এখনও শনাক্ত করা যায়নি বলে তিনি জানান।
এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব।
মহাখালী থেকে এ কোম্পানির বাসগুলো মূলত সিলেট ও ময়মনসিংহ রুটে চলে। এছাড়া গাবতলী থেকে অন্যান্য জেলার পথে চলে এনা পরিবহনের বাস।
এটি এখন এককভাবে দেশের অন্যতম বৃহৎ পরিবহন কোম্পানি। এ কোম্পানির বহরে কয়েকশ হিনো নন এসি বাস ছাড়াও হুন্দাই ও ইন্দোনেশিয়ার লাকসানার তৈরি বিলাসবহুল ডাবল ডেকার বাসও রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খন্দকার এনায়েতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওটা ছিল নাইটের বাস। সিলেট থেকে ট্রিপ নিয়ে এসে চালক চাবি রেখে গেছেন ঘুমাতে।
“এর মধ্যে কে বা কারা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে ওই ঘটনা ঘটায়। এর সঙ্গে হয়তো আমাদের স্টাফদের কেউ থাকতে পারেন।“
তাহলে বাসটি চুরি বা অন্য কোনো অসৎ উদ্দশ্যে কোথাও নেওয়া হচ্ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি তো জানিই না কে চালাচিছল ওটা। তাই এখনও সব বিস্তারিত বলতে পারছি না। ওই গাড়ির নিয়মিত চালককে ধরে নিয়ে গেছে র্যাব, যিনি ট্রিপ থেকে ফিরে ঘুমাচ্ছিলেন।“
সামাজিক যোগাযোগ মাধ্যমে এনা পরিবহনের দুর্ঘটনার ওই ছবি নিয়ে ব্যাপক প্রচারণায় কিছুটা অনুযোগ করে এনায়েতুল্লাহ বলেন, “দেখেন ওরা ঘটনা ঘটায়। আর আমি বিপদে পড়ি। আমার বদনাম হয়। আজকে দেখেন ছবিটা ভাইরাল হইছে। এর মধ্যে কী আমার কোনো দোষ আছে?”
খিলক্ষেত থানার উপপরিদর্শক রাসেল পারভেজ জানান, গাড়ি দুটো পুলিশের হেফাজতে রয়েছে।
সোশাল মিডিয়ায় সকালের এ দুর্ঘটনার ছবি পোস্ট করে উদ্বেগ জানিয়েছেন অফিসগামী অনেকেই। এনা পরিবহন বাস কোম্পানির চালকদের ‘বেপরোয়া মনোভাব’ নিয়েও সেখানে ক্ষোভ দেখা গেছে।
