২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল: ২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার

করোনাভাইরাস মহামারীতে বিলম্বিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে আগামী বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 04:47 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, “আগামী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনের দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এর আগে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার পর এ মাসের যে কোনো দিন ফলাফল প্রকাশ করা হতে পারে। ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার মাধ্যমে দেড় বছর পর প্রথম কোন পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

পুরনো খবর:

মহামারী পেরিয়ে বিলম্বিত পরীক্ষায় মাধ্যমিকের সোয়া ২২ লাখ শিক্ষার্থী