২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বিজিবি দিবসে যোগ দিতে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায়

বিজিবি দিবস ২০২১ এর অনুষ্ঠানে অংশ নিতে বিএসএফ মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 11:58 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমন্ত্রণে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

সেখানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলাম অতিথিদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিনিধিদলে বিএসএফ মহাপরিচালকের স্ত্রী রয়েছেন।

রোববার ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকার পিলখানায় বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবে।

বিজিবি দিবসে সীমান্ত সম্মেলন কেন্দ্র উদ্বোধন রোববার  

প্রতিনিধিদলটি বিমানবন্দর থেকে সরাসরি বিজিবি সদর দপ্তরে পৌঁছায় এবং মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিলখানায় ‘সীমান্ত গৌরব’এ পুষ্পস্তবক অর্পণ করে।  

বিএসএফ মহাপরিচালকের এ সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যের বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

বিজিবি দিবসের অনুষ্ঠান শেষে ভারতীয় প্রতিনিধিদল ২১ ডিসেম্বর দেশে ফিরবে।