২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বিজিবি দিবসে সীমান্ত সম্মেলন কেন্দ্র উদ্বোধন রোববার

বিজিবি দিবস-২০২১ উপলক্ষে দুই দিনের কর্মসূচি শুরু হবে রোববার; ঢাকার পিলখানায় এদিন নবনির্মিত ‘সীমান্ত সম্মেলন কেন্দ্রের’ উদ্বোধনও করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 11:48 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে নবনির্মিত ‘সীমান্ত সম্মেলন কেন্দ্র' এর উদ্বোধন করবেন।

এর আগে সদরদপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে অভিবাদন গ্রহণ ও ভাষণ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সংস্থাটির কর্মকর্তা ও সদস্যদের পদক দেবেন।

এছাড়া মোটর শোভাযাত্রা এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক পংকজ কুমার সিংসহ সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দিবসের দ্বিতীয় দিন সোমবারের কর্মসূচি শুরু হবে সকাল ৮টায়। বিজিবি মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন, সদরদপ্তরে ‘সীমান্ত গৌরবে’ মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, নব নির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।

দরবার শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধানসহ বিভিন্ন কার্যক্রমের জন্য সদস্যদের পুরস্কার দেওয়া হবে।

বিজিবি দিবস-২০২১ উদযাপনে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বাড়াতে সোমবার বিকালে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ এর জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরদিন ২১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পিলখানার ঢাকা সেক্টর মাঠে বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা ও শিল্পীসহ দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে সদরদপ্তর জানায়।