২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে জোর দিয়েছেন সবাই: মোমেন

দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপের বিষয়টি উঠে এসেছে সফররত ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে আলোচনায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 08:35 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিশেষ আয়োজনে অংশ নিতে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

বৃহস্পতিবার ঢাকার রমনায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সফরের বিষয়ে এবং বুধবারের সৌজন্য সাক্ষাতে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান।

রাষ্ট্রীয় সফরের প্রথম দিন বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোজন্য সাক্ষাৎ করেন কোবিন্দ। তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মোমেন আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

মোমেন জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক যোগাযোগ স্থাপন, কৃত্তিম বুদ্ধিমত্তা, সবুজ অর্থনীতি, পারমানবিক শক্তি, বিগ ডাটা, তথ্য প্রযুক্তি বিষয়ে সহযোগিতা স্থাপনে ভারতের রাষ্ট্রপতি জোর দিয়েছেন।

গত বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কোবিন্দের সৌজন্য সাক্ষাতের বিষয়ে মোমেন জানান, সাক্ষাতে ভারতের রাষ্ট্রপতি দুই দেশের দুর্লভ যোগসূত্রের ভিত্তি একই ইতিহাস, সংস্কৃতি, ভাষা, কৃষ্টি ও সভ্যতা থেকে উৎসরিত বলে অভিমত ব্যক্ত করেন।

“তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বাংলাদেশি এবং ভারতীয় যোদ্ধাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।“

করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অবহিত করেন কোবিন্দ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করতে তার দেশ আগ্রহী বলে ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন। এছাড়া, দুই দেশের জাতীয় সংসদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা জরুরি বলে তিনি মত দেন।

কোবিন্দ সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসাও করেছেন বলে মোমেন জানান।

কোভিড-১৯ এর নতুন ধরনের প্রাদুর্ভাব বাংলাদেশ ও ভারত এক সঙ্গে মোকাবেলা করবে বলে বাংলাদেশের রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের বিষয়ে মোমেন বলেন, সাক্ষাতে তারা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে দুই দেশের বিষয়াদি সমাধানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক সহযোগিতা স্থিতিশীলতা আনবে বলেও তিনি মত দেন।

মোমেন বলেন, “প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সাম্প্রতিক আর্থ-সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি।

“দুই দেশের বাণিজ্য বাড়াতে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (সিইপিএ) সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ভারতের রাষ্ট্রপতি।”

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোবিন্দ দুর্গাপূজার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন বলে উল্লেখ করেন মোমেন।

তিনি বলেন, “এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন যে, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, বাংলাদেশ ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই নীতিতে বিশ্বাস করে।“

মোমেন জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল মিউজিয়াম প্রদর্শনী, বঙ্গবন্ধু-বাপু স্মারক ডাক টিকেট উদ্বোধন, বঙ্গবন্ধুর জীবনের উপর বায়োপিক নির্মাণের উদ্যোগগুলো দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে ভারতের রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন।

কোবিন্দের সঙ্গে নিজের সাক্ষাতের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে আলোচনা হয়। আলোচনায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করি।“

দক্ষিণ এশিয়া একসময় ধনী অঞ্চল হিসেবে বিশ্বে সমাদৃত ছিল বলে কোবিন্দ উল্লেখ করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের রাষ্ট্রপতি বলেছেন, আঞ্চলিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে পুরনো গৌরবময় অধ্যায় ফিরিয়ে আনা সম্ভব।

“এসময় তিনি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র যেমন, কৃত্তিম বুদ্ধিমত্তা, সবুজ অর্থনীতি, পারমানবিক শক্তি, বিগ ডাটা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা স্থাপনের বিষয়ে জোর দেন।”

সাক্ষাৎকালে বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের রাষ্ট্রপতির কাছে সহযোগিতা চাওয়ার কথাও সংবাদ সম্মেলনে জানান মোমেন।

সফরকারী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক জানান।

সফরের দ্বিতীয় দিন কোবিন্দ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তীর ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

সফরের তৃতীয় দিন শুক্রবার ঢাকার রমনায় কালী মন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির। এদিন রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দ্যেশ্যে ঢাকা ত্যাগ করবেন।