২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে ঢল: প্রত্যাশা- প্রাপ্তির আলোয় বিজয়ের ৫০

বিজয়ের আনন্দ নিয়ে বাঙালির মুক্তির সুবর্ণজয়ন্তীতে মুক্তিসেনাদের সম্মান জানিয়েছে সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধায় তাদের স্মরণ করে স্বাধীনতার ৫০  বছরে নিজেদের ফিরে দেখেছেন প্রাপ্তি আর প্রত্যাশার আলোয়।

নিজস্ব প্রতিবেদক

মেহেরুন নাহার মেঘলা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 07:45 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সকাল ৭টা থেকে বিকাল পর্যন্ত সেখানে দেখা গেছে সাধারণ মানুষের ঢল।

যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের সৃষ্টি হয়েছে; দীর্ঘ নয় মাসের যুদ্ধে যারা শোষণের নাগপাশ থেকে ছিনিয়ে এনেছেন চূড়ান্ত বিজয় এদিন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে পুরো জাতি।

এমনই একজন মায়িশা মালিহা প্রার্থনা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিবিজড়িত জাতীয় স্মৃতিসৌধে বাবা-মায়ের সঙ্গে লাল-সবুজ জামা গায়ে এসেছেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রার্থনা জানায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বইপত্রে সে অনেক কিছুই পড়েছে। বাবা-মায়ের কাছেও শুনেছে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের অমর গাথা।

“আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে আজকের এ দিনে বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনে।

“এই দিনেই আমাদের দেশ থেকে পাকিস্তানিদের অধিকার একেবারে শেষ হয়ে গিয়েছিল। আজকে বিজয় দিবসের এই খুশির দিনে আমি আমার বাবা-মায়ের সাথে এসেছি দিনটির মর্ম বুঝতে, শহীদদের প্রতি আমার সম্মান জানাতে।”

প্রার্থনার বাবা জুলফিকার আলী বলেন, “মুক্তিযুদ্ধে বিজয়ের মর্ম, এর ইতিহাস আমাদের সন্তানদের বুঝতে হবে, জানতে হবে। তাদের জানাতে হবে। এজন্যই সন্তানকে নিয়ে এই স্মৃতির মিনারে এসেছি।”

প্রতিবছরই স্ত্রী-সন্তানকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন জানিয়ে তিনি বলেন, “প্রতিবছরই অন্তরে নতুন করে আবেগ, শ্রদ্ধা আর গর্ববোধ জেগে উঠে।”

পাকিস্তানি শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সফল পরিণতি পায় নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।

ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পাওয়া এই বিজয়ের মাহেন্দ্রক্ষণটি স্মরণীয় করে রাখতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে উত্তরা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসেছেনে আইনজীবী মৌসুমী কবিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিজয়ের মর্যাদা অনুধাবনের জন্যই বাচ্চাদের নিয়ে স্মৃতিসৌধে আসি।

“ওরা যেন বুঝতে পারে স্বাধীনতা কী, এর মর্যাদা কী এবং এর মর্যাদা কীভাবে অক্ষুণ্ণ রাখতে হয়, সেটাই এই প্রজন্মকে শেখানো উচিত।”

Image
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয় হাজারো মানুষ। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয় হাজারো মানুষ। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

স্বাধীনতার ৫০ বছর পূর্তির এ দিনে আশা আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে তরুণদের মাঝে দেখা গেছে মিশ্র অনুভূতি। দেশের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের পাশাপাশি অনেকেই ছিলেন আশাবাদীও।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’ এর সদস্য ইয়াকুবুল হাসান। মূলত দেশব্যাপী ক্যান্সার প্রতিরোধ নিয়ে কাজ করে তরুণ বইপ্রেমীদের নিয়ে গঠিত এ সংগঠন।

নিজের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এ তরুণ বলেন, “দেশ নিয়ে বলতে গেলে বলতে হয়, কাঠামোগতভাবে আমরা অনেকটা উন্নতি করতে পেরেছি। তবে এবার সংস্কারটা দরকার ভেতর থেকে।

“শুধু কাঠামোগত উন্নয়ন দিয়ে একটা জাতি খুব বেশি দূরে যেতে পারে না। পরিবর্তন আসবে, এমনটাই আমাদের প্রত্যাশা।”

কী ধরণের পরিবর্তন প্রত্যাশা করেন জানতে চাইলে তিনি বলেন, “প্রথমে শিক্ষানীতি সংস্কার করা প্রয়োজন। সঠিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের মূল্যায়ন দরকার এবং সবচেয়ে বেশি দরকার একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”

সন্তোষ আর আশাবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন বলেন, “এই ৫০ বছরে আমাদের কী অর্জন হয়েছে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এনিয়ে অনেক হিসাব নিকাশ আছে।

“একজন তরুণ হিসেবে মনে করি আমি যতটা দেখেছি বাংলাদেশের রাজনীতির টালমাটাল অবস্থা, তার অনেকটাই পরিবর্তিত হয়েছে। আমাদের অনেক সমস্যা ছিল, সেগুলো উতরে বেশ ভালো একটা অবস্থানে আছি।”

স্মরণে, উদযাপনে বাংলাদেশের ৫০

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শহীদ স্মরণ

কেমন ছিল লাখো শহীদের রক্তে রাঙানো মহাবিজয়ের সেই দিন  

গণস্বাস্থ্য মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিন্নাতুল মিমি বলেন, “বিজয়ের ৫০ বছর পূর্তিতে স্মৃতিসৌধে এসে খুব ভালো লাগছে। একটা স্বাধীন দেশে বাস করছি, এটা আমাদের জন্য গর্বের, অহংকারের।”

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিথী বলেন, “শুধু একটা দিনই নয়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তেই আমাদের উচিত মহান শহীদদের সম্মান করা, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত শফিকুল ইসলাম শেখ বলেন, “আজকে আমরা বাঙালি হিসেবে গর্বিত, নিজ ভাষায় কথা বলতে পারছি, একটা স্বাধীন ভূখণ্ডে থাকতে পারছি এবং নিজেদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারছি।

“আজকের এই দিনে শহীদদের স্মৃতিকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই স্মৃতিসৌধে এসেছি।”

বিজয় দিবসে সহযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধাদের অনেকেই তাদের স্বপ্নপূরণ হয়নি বলে জানিয়েছেন। জানালেন অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছেন, ‘সেই স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে’।

বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “আমরা যে বৈষম্যহীন, শোষণহীন সমাজব্যবস্থা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছি, আমরা তেমনটা পাইনি।

“অসাম্প্রদায়িকতা দিন দিন দেশ থেকে মুছে যাচ্ছে। এজন্য আমরা সকলেই দায়ী। এটা নতুন প্রজন্মকে বোঝাতে ব্যর্থ হয়েছি।”

বঙ্গবন্ধুর সময়ে ১১ হাজার ৭৫২ জন যুদ্ধাপরাধীর বিচার চলছিল, ২৪ জনের ফাঁসির আদেশ হয়েছিল, ৩৫৪ জনের যাবজ্জীবন দণ্ড হয় জানিয়ে তিনি বলেন, “১৯৭৬ সালে জিয়াউর রহমান তাদের মুক্তি দিয়েছেন।”

স্বাধীনতার ৫০ বছরে প্রত্যাশা ও অর্জন নিয়ে তিনি বলেন, “আমাদের যে প্রাপ্তি ছিল, সেটি সামান্যতম হলেও অর্জিত হয়েছে। কিন্তু প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। এখনও বিভিন্ন দলে যুদ্ধাপরাধীরা আছে, তাদের সন্তানরা আছে।”