২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার হাতে ছিল গাড়ির স্টিয়ারিং, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরের দাক্ষিণখান এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠে পড়া একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় এক নারী ও তার দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 01:29 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ জানান।

নিহতরা হলেন মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে সোহেল আহমেদ শোয়াইব।

গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। দুর্ঘটনায় হাসান এবং তাদের ছয় বছরের মেয়ে আহত হয়েছেন।

উপপরিদর্শক নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে।

“ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র নিহত হয়।”

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন।

বাসার কাছেই রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম রায়হান জানান, এমনিতে ওই রেলগেইটে একাধিক গেইটম্যান দায়িত্ব পালন করেন। তবে ভোরের দিকে গেইট খোলা ছিল। পরে মাইক্রোবাসটি বিনা বাধায় লাইনে উঠে পড়ে।

আহত আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার আগে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল বলে তিনি মাইক্রোবাস নিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন।

“মাইক্রোবাসটির অর্ধেকের বেশি পার হয়ে গেলেও পেছনের অংশে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।”

এ বিষয়ে ধীরাশ্রম রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হেলালউদ্দিন বিস্তারিত বলতে পারেননি।

তিনি বলেন, “ঘন কুয়াশার মধ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।”

সেখানে গেটম্যান না থাকার কারণ জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেননি।