২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারমিনকে হত্যা করতেই লঞ্চে ‘লস্করের কেবিন’ ভাড়া নেন মাসুদ: র‌্যাব

ঢাকা-বরিশাল নৌপথের কুয়াকাটা-২ লঞ্চ থেকে তিন দিন আগে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 10:09 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, মো. মাসুদ হাওলাদার নামের ওই ব্যক্তি তার স্ত্রী শারমিন আক্তারকে ‘হত্যার জন্যই’ লঞ্চের ইঞ্জিন কক্ষের কাছে লস্করের কক্ষটি ভাড়া নিয়েছিলেন, যাতে চিৎকারের শব্দ বাইরে থেকে শোনা না যায়।

গত ১০ ডিসেম্বর বরিশাল নৌবন্দরে এমভি কুয়াকাটা-২ লঞ্চের লস্করের কেবিন থেকে শারমিন আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শারমিনের বাবা পরদিন বরিশাল কোতোয়ালি থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর ছায়া তদন্তে নেমে সিসিক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে সোমবার  ভোরে কক্সবাজার থেকে মাসুদকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার বিকালে ঢাকার কারওয়ানবাজারে সংবাদ সম্মেলন করে তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন।

তিনি বলেন,  মাসুদ আশুলিয়ার একটি কোম্পানির পিকআপ চালকের সহকারী। আর শারমিন ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়ায় তার চাচার বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

২০১৯ সালের শুরুতে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে শারমিন বিমানবন্দর থানায় মাসুদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে দুই পরিবারের সমঝোতায় ২০১৯ সালের ১৭ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা একসঙ্গে না থেকে যার যার কর্মস্থলের এলাকায় থাকছিলেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদের মাসুদ বলেছেন, বিয়ে করলেও শারমিনের সঙ্গে সংসার করার আগ্রহ তার ছিল না। আবার শারমিনকে দেনমোহরের পাঁচ লাখ টাকা দেওয়ার সামর্থ্যও তার ছিল না।

খন্দকার আল মঈন বলেন, “এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত এবং এক পর্যায়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মাসুদ।”

মাসুদ ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা বলে শারমিনকে বরিশালে যেতে রাজি করায়। শারমিনের গ্রামের বাড়ি বরিশালে, আর মাসুদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে।

“বরিশালে যাওয়ার পাঁচ দিন আগে শারমিনের সর্দি-কাশি হলে মাসুদ কাশির সিরাপের সঙ্গে বিষ খাইয়ে তাকে হত্যার পরিকল্পনা করে,” বলেন মঈন।

৯ ডিসেম্বর মাসুদ ও শারমিন মিরপুর-১ থেকে বরিশালের লঞ্চ ধরতে সদরঘাটে যান। তার আগেই আশুলিয়া বাজার থেকে কাশির সিরাপ কিনে তার সঙ্গে ‘বিষ ও চেতনানাশক ওষুধ’ মিশিয়ে রাখেন মাসুদ।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, “মাসুদ জিজ্ঞাসাবাদে বলেছে, লঞ্চে উঠে সে লস্করের কক্ষটি ভাড়া নেয়, যাতে বিষ খেয়ে শারমিনের গোঙানোর আওয়াজ বাইরে না যায়। পরে রাতে সে কৌশলে শারমিনকে বিষ মেশানো কাশির ওষুধ খাইয়ে দেয়।

“তবে বিষ মেশানো কাশির ওষুধ খাওয়ানোর পরও শারমিনের শ্বাস প্রশ্বাস চলছিল। তাই তাকে শ্বাসরোধে হত্যার পর লঞ্চে থেকে নেমে যায় মাসুদ।”

র‌্যাব জানায়, লঞ্চ থেকে নেমে মাসুদ প্রথমে ঝালকাঠিতে তার গ্রামের বাড়িতে গেলেও শারমিনের লাশ উদ্ধারের খবর গণমাধ্যমে আসায় তিনি পালিয়ে যান এবং বরিশাল, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার আত্মগোপনে ছিলেন। পরে কক্সবাজার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।