২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্প বিপ্লব: সময়োপযোগী শিক্ষায় জোর রাষ্ট্রপতির

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলানোর উপযোগী শিক্ষার উপর জোর দিতে শিক্ষক ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 04:29 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

শুক্রবার ’ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভল্যুশন অ্যান্ড বিয়ন্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার এ আহ্বান আসে।

চতুর্থ শিল্প বিপ্লব বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, “আমাদেরকে দক্ষতা আর ফারাক চিহ্নিত করতে হবে এবং উচ্চশিক্ষাকে দ্রুততার সঙ্গে ঢেলে সাজাতে হবে, যাতে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতায় সক্ষম, উদ্ভাবনী শক্তিসম্পন্ন এবং দক্ষ থাকা যায়।”

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনের এ সম্মেলন আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নতুন নতুন চ্যালেঞ্জের কথা তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রথাগত চাকরির জায়গায় অটোমেশনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার ফলে চতুর্থ শিল্প বিল্পব নতুন নতুন চ্যালেঞ্জ হাজির করেছে।

“আমাদের শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার বেশি, যা দক্ষতার সঙ্গে বাস্তবতার অমিলেরই ইঙ্গিত দিচ্ছে।

”ফলে, বিদেশিরা আামদের চাকরির বাজারে আধিপত্য বিস্তার করছে, বিশেষ করে টেকনিক্যাল ও ব্যবস্থাপক পর্যায়ে, কর্পোরেট এবং বহুজাতিক প্রতিষ্ঠানে। এই প্রবণতা বাংলাদেশ থেকে বড় অংকের রেমিট্যান্স বাইরে নিয়ে যাচ্ছে।”

রাষ্ট্রপতি বলেন, উচ্চ প্রযুক্তিতে অভ্যস্ত ও প্রযুক্তি সুবিধার বাইরে থাকা জনগণ, সবার কথা চিন্তা করে ‘ব্লেন্ডেড ও অনলাইন শিক্ষার’ ব্যবস্থা করতে পারা বাংলাদেশের সমন্বিত উন্নয়নের জন্যই প্রয়োজন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত দেড় বছরের অনলাইন শিক্ষার অভিজ্ঞতাও ভবিষ্যতে কাজে লাগানোর আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি বলেন, “এখন আমাদের পেছনে যাওয়া ঠিক হবে না, বরং আমাদের যা আছে, তা কাজে লাগাতে হবে এবং দ্রুততার সাথে সামনে এগোতে হবে। বিদ্যায়তনের সাথে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ জোরদারের কাজ বিশ্ববিদ্যালয়গুলোকে করতে হবে।”

গবেষণার বাজেট ইতোমধ্যে বাড়ানোর হয়েছে, কিন্তু দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভালো করার প্রতিও জোর দেওয়া দরকার বলে মত দেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ।

তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর মত লোকবল তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য করবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।