এবার ১১ জনকে গ্রেপ্তারের কথা বললেন মন্ত্রী
পুলিশ অস্বীকার করলেও বিশ্বজিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে আবারও দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুরান ঢাকার যুবক বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “এখন পর্যন্ত গ্রেপ্তার ১১ জন বা বেশিও হতে পারে। হত্যাকাণ্ডে গ্রেপ্তারের বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”
তবে পুলিশ বলছে বিশ্বজিত হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে গণমাধ্যমে চিহ্নিতদের কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি।
মহানগরের পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “বিশ্বজিত হত্যার ঘটনার সময় যে কয়জন অংশ নিয়েছিল তাদের মধ্যে ছয় জনকে সনাক্ত করা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বিশ্বজিত হত্যকান্ডে গ্রেপ্তার নিয়ে এই দু’রকম বক্তেব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বক্তব্যে কোনো পার্থক্য নেই, ঢাকায় ৪০০ পুলিশ কর্মকর্তা কাজ করে, কোনো পুলিশ কর্মকর্তার কাছে কোনো সুনির্দিষ্ট বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে সর্বাঙ্গীন খবর দিতে সব সময় সক্ষম হন না।”
“সর্বাঙ্গীন খবর আমাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কাছে আসে, সর্বাঙ্গীন খবর আমরা দিতে সক্ষম। সেই ভিত্তিতে ৮ জনের গ্রেপ্তারের কথা বলা হয়েছে। পরবর্র্তী পর্যায়ে আরো তিনজন গ্রেপ্তার হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের বিষয়ে আমরা বদ্ধ পরিকর, প্রচেষ্টা চলছে।”
বিএনপি হরতাল চলাকালে গত রোববার বিশ্বজিতকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সুত্রাপুর থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা করে।
এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হওয়ার পর ঘটনার সঙ্গে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করার কথা বলেছিলেন।
