‘ক্রসফায়ারের’ পক্ষে কামাল মজুমদার, নিন্দায় আসক
চাঁদাবাজ-সন্ত্রাসীদের ‘ক্রসফায়ারে’ দেওয়ার কথা বলেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; যার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
কামাল আহমেদ মজুমদার।
রোববার এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর সেই বক্তব্য উদ্ধৃত করে আসক বলেছে, “শিল্প প্রতিমন্ত্রী বলেছেন, “অনেক সময় বিরোধী নেতারা বলেন, আমরা ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা করছি। আমি ক্রসফায়ারের পক্ষে। এই জন্য পক্ষে, একজন সন্ত্রাসীর কারণে লাখ লাখ মানুষের ঘুম যেখানে হারাম হয়ে যায়, সেই সন্ত্রাসীর সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই।”
বিবৃতিতে আসকের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল বলেন, “আসক মনে করে, সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য প্রকৃতপক্ষে দেশের সংবিধান প্রদত্ত মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার হরণসহ আইনের আশ্রয়লাভ সংক্রান্ত সাংবিধানিক অধিকারের পরিপন্থি।
“একই সাথে এটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় প্রদত্ত বাংলাদেশ সরকারের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক।”
এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশপাশি ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার ঘটনাগুলো তদন্তে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে আসক।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় কামাল মজুমদার আগের বক্তব্যে অটল থাকার কথা জানান।
তিনি বলেন, “আমি বলেছি, যারা সমাজের লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রাখছে, যারা মদ-ইয়াবা নিয়ে ব্যবসা করে নতুন প্রজন্মকে ধ্বংস করছে, যারা চান্দাবাজি, টেন্ডারবাজি করছে, যারা মানুষকে ধ্বংস করছে, লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা হরণ করছে, আমি তাদেরকে ক্রসফায়ার দেওয়ার কথা বলছি।”
‘উন্নত বিশ্বে এই ধরনের ব্যবস্থা আছে’ দাবি করে তিনি বলেন, “সিঙ্গাপুরে এমন ব্যবস্থা আছে, যারা সমাজকে ধ্বংস করে তাদের বিষয়ে। এর দ্বারা আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন হয় না। একজনের জন্য তো লক্ষ লক্ষ মানুষ জিন্মি হয়ে থাকতে পারে না।”
