২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পর লন্ডন ও ফ্রান্স সফর শেষে দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 09:51 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ফ্রান্সের স্থানীয় সময় শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়।

প্রধানমন্ত্রীর এ সফরকে ‘ঐতিহাসিক সফর’ বলে মনে করছেন তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন কীভাবে সম্ভব হয়েছে সে সম্পর্কেও বিশ্ব নেতারা জানতে চেয়েছেন বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সফরে তাকে যে সম্মান জানানো হয়েছে এ ধরনের সম্মান আগে কখনও বাংলাদেশের কোনো রাষ্ট্র ও সরকারপ্রধান পাননি।

“আমার জানা মতে কোনোদিন এ ধরনের সম্মান দেয়নি।”

মঙ্গলবার সকালে লন্ডন থেকে প্যারিস গিয়েছিলেন শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ দেওয়া হয়।

ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিজে প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হয়।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের বাসভবনে যান। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ফ্রান্স সফরে দেশটির ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্স (এমইডিইএফ) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। প্যারিস পিস ফোরামের (পিপিএফ) অনুষ্ঠানেও বক্তব্য রাখেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে না পারলে বাংলাদেশ থেকে নিরাপত্তা ঝুঁকি বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী।

তার এই সফরে কোভিড ব্যবস্থাপনা, পানি ও বিমান চলাচল খাতে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতার বাড়াতে ফ্রান্সের সঙ্গে তিনটি চুক্তি করেছে বাংলাদেশ।

এছাড়া প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রস্তাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই পুরস্কার চালু করেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা– ইউনেস্কো। গত ১১ ডিসেম্বর ইউনেস্কোর নির্বাহী পরিষদের শরৎকালীন অধিবেশনে এ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। বঙ্গবন্ধুর নামে জাতিসংঘের কোনো সংস্থার প্রবর্তন করা প্রথম আন্তর্জাতিক পুরস্কার এটি।

 ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি’ দেওয়া হবে প্রতি দুই বছরে একবার, যার আর্থিক মূল্য ৫০ হাজার ডলার।

এর আগে গত ৩১ অক্টোবর জাতিসংঘ আয়োজিত কপ-২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে সম্মেলনের মূল পর্বের পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন তিনি।

‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’ এর সংলাপে সভাপতি হিসেবে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলো আরও অসহায় হয়ে পড়েছে।

গ্লাসগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গেও বৈঠক করেন।

কপ-২৬ সম্মেলনে অংশগ্রহণ শেষে গত ৩ নভেম্বর লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

পরদিন লন্ডনে এক অনুষ্ঠানে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের সঙ্গেও আনন্দময় একটি সন্ধ্যা কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গবেষক, ফুটবলার, সংগীত শিল্পী এবং নবীন উদ্যোক্তারাও ছিলেন।

প্যারিস রওনা হওয়ার আগে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতা-কর্মীদের তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সবার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সবার সঙ্গে দেখা হবে। নেতা-কর্মীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে বলেন শেখ হাসিনা।

আরও পড়ুন

এখন বিশ্ববাসীর উন্নয়নে অবদান রাখতে চাই: শেখ হাসিনা  

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল ইউনেস্কো  

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর: এতটা সম্মান ‘আগে কেউ পায়নি’  

ফ্রান্সের সেনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

ম্যাক্রোঁর প্রাসাদে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা  

প্রবাসের উজ্জ্বল তারুণ্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সন্ধ্যা  

আমাদের বিপদ বাড়াচ্ছে বড় দেশগুলো: প্রধানমন্ত্রী  

রোহিঙ্গাদের না ফেরালে নিরাপত্তা ঝুঁকি সারা বিশ্বের: প্রধানমন্ত্রী  

লন্ডন থেকে প্যারিসে প্রধানমন্ত্রী  

গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী