২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানান্তরের জটিলতায় সরছে না রাসায়নিকের কারখানা: তাপস

পুরান ঢাকায় এখনও রাসায়নিকের কারখানা থেকে যাওয়ার জন্য স্থানান্তরের জটিলতাকে কারণ দেখিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2021, 01:44 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

সম্প্রতি সেখানে গুদামে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে বুধবার মোহাম্মদবাগ ভূগর্ভস্থ পয়ঃনালী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

কয়েক বছর চকবাজারে অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের সব কারখানা ও গুদাম সরানোর সিদ্ধান্ত হয়েছিল। সেগুলোকে কেরানীগঞ্জে নেওয়ার কথা হলেও তা আর এগোয়নি। এর মধ্যে সম্প্রতি দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

তাপস বলেন, “পুরান ঢাকা থেকে কেমিকেল কারখানা ও গুদাম সরাতে সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা ২০১৭ সালের পর থেকে আর কোনো ট্রেড লাইসেন্স দিচ্ছি না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে স্থানান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সেখানে (পুরান ঢাকায়) বেআইনিভাবে এখনো কেমিকেল কারখানা ও গুদাম চালু রয়েছে।”

স্থানান্তরে ব্যবসায়ীরাও অনাগ্রহী জানিয়ে মেয়র বলেন, “আমাদের ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে।

“আমরা কোথায় স্থানান্তর হব, স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, আমাদের জায়গার ব্যবস্থা করা হয়নি- এরকম বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। আমরা কিন্তু কঠোর রয়েছি।”

এই ধরনের কারখানাগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

তাপস বলেন, “বিষয়টি আমি অন্যান্য কর্তৃপক্ষের নজরে আনছি। এই নিয়ে আমি শিল্পমন্ত্রীর সাথে, বাণিজ্যমন্ত্রীর সাথে সভা করেছি, এগুলো দ্রুত যেন স্থানান্তরের ব্যবস্থা করে। প্রত্যেক বছরই প্রাণহানি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। সুতরাং আমরা অনুরোধ করবো এ ব্যাপারে তারা যেন দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়।”