সব মহাসড়কই চার লেইনের হবে: সড়কমন্ত্রী
জাতীয় সব মহাসড়কই পর্যায়ক্রমে চার লেইনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
চার লেইনের সড়কে ধীরগতির যানবাহনের জন্য আলাদা দুটি লেন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
বুধবার বৃহত্তর চট্টগ্রামের ছয়টি জেলা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “চট্টগ্রাম অঞ্চলের যে সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার সবগুলো কাজ শেষ হলে বদলে যাবে বৃহত্তর চট্টগ্রাম, বদলে যাবে দেশের অর্থনীতি।”
কক্সবাজার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্ত করতে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, জোয়ারগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান। কক্সবাজার লিংক রোড-লাবনী পয়েন্ট চার লেইনের কাজ শেষ পর্যায়ে।
২০২২ সালে দেশের চারটি মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের সাহস ও সক্ষমতার প্রতীক পদ্মাসেতুতে আজ কার্পেটিং শুরু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ইতোমধ্যেই ৭৪ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “ক্ষমতাকে ভোগের বস্তু নয় ত্যাগের বাহন হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। যারা উন্নয়ন ও নির্বাচন বিমুখ এবং আন্দোলন-নির্বাচনে ব্যর্থ, তারা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে।”
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের উস্কানি না দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, “সবার তালিকা তৈরি হচ্ছে, সময়মত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
