দুই বাসের মাঝে পড়ে ঢাকায় স্কুল শিক্ষক নিহত
দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত এক স্কুল শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় দুই বাসের মাঝে পড়ে আহত শিক্ষক আব্দুল মালেক (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির প্রায় তিন ঘণ্টা পর বিকাল পাঁচটার দিকে মারা গেছেন।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার জন্য দায়ি বাসটি জব্দ এবং চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় ডেমরা স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ডে ওয়াসিম পরিবহন ও স্বাধীন পরিবহন নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ দুটি বাসের মাঝে থাকা ওই শিক্ষককে একটি বাস পেছনের দিকে যাওয়ার সময় চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই শাহজাহান জানান।
আব্দুল মালেক ডেমরা ধীৎপুর হাজী মোঃ লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক ছিলেন।
ওই স্কুলের ছাত্র নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “স্কুল থেকে বের হয়ে দুই বাসের মাঝ দিয়ে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন। তবে শরীরে কোনো ক্ষত হয়নি। চিকিৎসকরা বলেছেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ওয়াসিম পরিবহনের চালক ফেরদৌস ও হেলপার শরিফকে গ্রেপ্তার এবং তাদের বাসটি জব্দ করা হয়েছে বলে তারা শুনেছেন।
ডেমরা থানার ওসি নাসির জানান, দুই বাসের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না।
চালক ফেরদৌস পুলিশের কাছে দাবি করেছে, স্বাধীন পরিবহনের চাপায় আব্দুল মালেক আহত হন। তবে ওই পরিবহনের কাউকে ধরতে পারেনি পুলিশ।
দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক আব্দুল মালেকের বাসা ডেমরার সারুলিয়ায়।
