আঞ্জু মিয়া হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড হাই কোর্টে বহাল
সুনামগঞ্জের তাহিরপুরে পনের বছর আগের আঞ্জু মিয়া হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
আসামিদের আপিল খারিজ এবং মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) গ্রহণ করে সোমবার এ রায় দিয়েছে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হত্যাকাণ্ডের পাঁচজন চাক্ষুস সাক্ষী একে অপরের জবানবন্দিকে সমর্থন করেছেন। যে কারণে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশের অনুমোদন দিয়ে হাই কোর্ট আসামিদের আপিল খারিজ করে দিয়েছেন।”
পাঁচ আসামি হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আ. রহিম, এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া ও মহরম আলী।
মামলার বিবরণে জানা যায়, পুরনো শত্রুতার জের ধরে ২০০৬ সালের ১৫ নভেম্বর আঞ্জু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।
আঞ্জুর ছেলে নজরুল ইসলাম ওই দিনই ১১ জনের নামে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে ২০১৬ সালের ৭ এপ্রিল জজ আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দেয়।
এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা হাই কোর্টে আপিল করেন।
ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির পর হাই কোর্ট পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখল।
