২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসেম ফুডসে অগ্নিকাণ্ডে হতাহতদের ‘পর্যাপ্ত’ ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানাতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 04:52 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

চারটি সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রোববার এই রুল দেয়।

সেই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হয় অনেকে।

অগ্নিকারেণ্ডর এই ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

হাসেম ফুডসে অনিয়ম, সরকারি সংস্থারও গাফিলতি: তদন্ত দল

এরপর ১১ জুলাই নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।  

হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট

হাসেম ফুডসে আগুন: সারা জীবনের আয়ের নিরিখে ক্ষতিপূরণ দাবি