২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স চার্লস ও বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রিন্স চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 01:32 AM

Updated : 02 Aug 2022, 06:32 PM

মঙ্গলবার ব্যস্ত কর্মসূচির মধ্যে দুজনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হয় বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।

প্রিন্স চার্লসের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, “উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু স্থান পায়।”

বৈঠকে চার্লসের সঙ্গে এইচএসবিসিসহ চারটি প্রধান ব্যাংকের প্রতিনিধিরা ছিলেন।

প্রিন্স অফ ওয়েলস চার্লস জলবায়ু ক্ষতি কাটাতে বেসরকারি খাতের যুক্ত করার বিষয়ে কথা বলেন বলে মোমেন জানান।

পরে স্কটিশ এক্সিবিশন সেন্টারের ইউকে মিটিং রুমে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়।

দ্বিপক্ষীয়এই বৈঠক সম্পর্কে বাসস জানায়, উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

Image
সোমবার কপ২৬ এর মূল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

সোমবার কপ২৬ এর মূল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

মোমেন বলেন, “দুই বৈশ্বিক ব্যক্তিত্বের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চ্যালেঞ্জ, উদ্যোগ ও চাহিদা তুলে ধরেন।

“তারা চায় জলবায়ু সমস্যায় বেসরকারি খাত জড়িত থাকুক,” বলেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সমুদ্র উপকূলীয় বায়ু শক্তি এবং উপকূল এবং নদীর তীরে বাঁধ ও রাস্তা নির্মাণে বিনিয়োগের জন্য কিছু প্রস্তাব দেন।

চার্লসের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বলেছে, তারা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়। সেজন্য তারা বাংলাদেশ সফরের প্রস্তাবগুলো পরীক্ষা করবে।

শেখ হাসিনা বলেন, তার সরকার ১২ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ সম্বলিত কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ কেন্দ্র বাতিলের সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানিতে মনোনিবেশ করার জন্য বাংলাদেশের আগ্রহকে প্রতিফলিত করে।

মোমেন বলেন, “ব্রিটিশ গণ্যমান্য ব্যক্তিরা মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার দিক থেকে অত্যন্ত চমৎকার কাজ করছে।”

সোমবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা গেটস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের বিষয়বস্তুও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, “বিল গেটস এবং মেলিন্ডা গেটসের সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন ইস্যুতে আলোচনা হয়েছে।”

আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ে তার সরকারের পদক্ষেপ, যেমন জলবায়ু অভিযোজন কর্মসূচি গ্রহণ এবং দেশের সার্বিক উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

Image
গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার মধ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: পিআইডি

গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার মধ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: পিআইডি

মোমেন বলেন, “বিল এবং মেলিন্ডা বলেছেন, তারা বাংলাদেশের ডিজিটালাইজেশন এবং কৃষি উন্নয়নে অনুপ্রাণিত হয়েছেন এবং এ লক্ষ্যে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।”

শেখ হাসিনা তাদের বলেন, ডিজিটালাইজড বাংলাদেশের সুবিধা নিয়ে বাংলাদেশ কোভিড-১৯ মহামারীর সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় বিপুল পরিমাণ অর্থ পৌঁছে দিয়েছে।

শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চালানোর উপর জোর দেন।

মোমেন বলেন, “তারা (গেটস) কিছু প্রস্তাবও দিয়েছেন। আমরা তা খতিয়ে দেখছি।”

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এসময় বলেন, বিল গেটস ও মেলিন্ডা গেটস দীর্ঘদিন ধরে বাংলাদেশের কৃষি ও অন্যান্য খাতে কাজ করে আসছেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩১ অক্টোবর গ্লাসগোতে পৌঁছান প্রধানমন্ত্রী। আগামী ৩ নভেম্বর তিনি লন্ডনে যাবেন। এরপর ৯ নভেম্বর যাবেন প্যারিস সফরে। দুই সপ্তাহের সফর শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।