রিকশা বাঁচাতে উল্টে গেল ট্রাক, চাপা পড়ে শিশুর মৃত্যু
ব্যাটারিচালিত এক রিকশাকে বাঁচাতে কড়া ব্রেক করেছিলেন ট্রাক চালক, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি; সেই ট্রাক উল্টে তার ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর।
রাজধানীর প্রগতি সরণিতে রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান থানার এসআই নজরুল ইসলাম জানান।
মারা যাওয়া চার বছরের শিশুটির নাম মাহফুজুর রহমান রিহান। তার বাবা আব্দুর রহিম, মা শাহজাদী বেগম এবং ছয় বছরের বোন রাহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই ওই রিকশার আরোহী ছিলেন।
এসআই নজরুল বলেন, “ব্যাটারিচালিত রিকশাটি মার্কিন দূতাবাসের সামনের ইউ টার্নে হঠাৎ ঘুরিয়ে ফেলায় সেটি টঙ্গীগামী চিনি বোঝাই একটি ট্রাকের সামনে পড়ে যায়।
“এ সময় রিকশাটি বাঁচাতে হার্ডব্রেক করলে ট্রাকটি উল্টে যায়। তারপরও ওই রিকশায় ট্রাকের ধাক্কা লাগে, তাতে চার বছরের শিশুটি রিকশা থেকে ছিটকে পড়ে।”
রিকশায় থাকা চারজনকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই নজরুল জানান, ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি রিকশা রেখেই পালিয়েছেন।
