বাকপ্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, কিশোর আটক
রাজধানীর ভাটারায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণের চেষ্টার’ অভিযোগে ভাসমান এক কিশোরকে আটক করেছে পুলিশ।
ভাটারা থানার এসআই ইমা আক্তার জানান, অভিযোগ পাওয়ার পর শনিবার রাতে শেওড়া রেলগেইট এলাকা থেকে ১৩ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ওই এলাকা থেকেই ১৫ বছর বয়সী ছেলেটিকে আটক করার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ছেলেটি প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে ধর্ষণের চেষ্টা করেছিল।”
এসআই ইমা আক্তার বলেন, বাকপ্রতিবন্ধী মেয়েটি শেওড়া রেলগেইট এলাকায় এক নারীর চায়ের দোকানের পাশে ঘুমাত। ভাসমান ওই কিশোরও রেলগেইট সংলগ্ন এলাকায় থাকে।
শনিবার সকালে বাকপ্রতিবন্ধী মেয়েটিকে সে ‘ধর্ষণের চেষ্টা’ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেন সেই চা দোকানি নারী।
ইমা আক্তার বলেন, “ডাক্তারি প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আটক ছেলেটিকে শিশু আদালতে পাঠানো হবে।”
