২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসে ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দাবি নির্মূল কমিটির

সাম্প্রদায়িক ‘অপশক্তিকে’ নির্মূল করতে আইনে পরিবর্তন এনে অপরাধীদের ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 11:12 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

শনিবার বিকালে রাজধানীর মিরপুরে ‘চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি জানান।

এসময় তিনি ধর্মীয় ‘সংখ্যালঘু’ সম্প্রদায়ের উপর বার বার হামলার মাধ্যমে বাংলাদেশকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বানানোর চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে বলেও অভিযোগ করেন।

শাহরিয়ার কবির বলেন, “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের মতো মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র বানাবার জন্য পঁচাত্তরের পর থেকেই বহুমাত্রিক চক্রান্ত চলছে।

“বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার হামলা সেই চক্রান্তেরই অংশ। মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে হলে অবশ্যই বিদ্যমান আইন পরিবর্তন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মূল কমিটির এই সভাপতির বক্তব্য তুলে ধরে বলা হয়, “তাদের সকল রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, যেমনটি বঙ্গবন্ধু করেছিলেন ’৭২ এর সংবিধানে।”

তিনি বলেন, “এ বছর বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন স্থানে সুপরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর যে জঘন্য হামলা সংঘটিত করেছে তার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই”।

গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনী, রংপুরসহ বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়।

নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, “ধর্মের নামে দেশে এরকম পরিকল্পিত হামলা এই প্রথম নয়। ১৯৭৫ এর পর থেকে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি জোট যখনই সুযোগে পেয়েছে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছে।

“বর্তমান সরকারের আমলে কক্সবাজারের রামুতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, সুনামগঞ্জের শাল্লাসহ বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের হামলা করেছে। কিন্তু কোথাও এদের বিচার হয়নি।”

কাজী মুকুল বলেন, “এই যে অপরাধ করে পার পেয়ে যাওয়া, এটাই তাদের পরবর্তী অপরাধে সাহস যোগায়।

এসময় তিনি সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবি আবারও তুলে ধরেন।

কাজী মুকুল বলেন, “২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছে, ক্ষমতায় গেলে আমাদের এই দুটি দাবি পূরণ করা হবে। এ নিয়ে এখন নানারকম টালবাহানা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”

‘মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার’ মিরপুর শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালকুঠি মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতালে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

আলোচনাসভায় পাঠাগারের মিরপুর শাখার সভাপতি শেখ মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুল আনামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।

তিনি বলেন, “সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে স্বাধীনতাবিরোধীরা।”

আলোচনাসভায় আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও দারুস সালাম থানার সভাপতি এবিএম মাজহারুল আনাম, নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক মামুন আল মাহতাব, আওয়ামী লীগ দারুস সালাম থানার সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, নির্মূল কমিটির সহ প্রচার সম্পাদক সাইফ উদ্দিন রুবেল, আওয়ামী লীগ ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মিয়া মোহম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আনসারী, নির্মূল কমিটি মিরপুর ১০ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মির্জা মজিবুর রহমান, পাঠাগারের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জাহাঙ্গীর পাঠান, নির্মূল কমিটি দারুস সালাম থানার আহবায়ক জহিরুল হক ও মিরপুর ১০নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ্ মোহাম্মদ বারীসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।