২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ এ কে খন্দকার হাসপাতালে

মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 11:43 AM

Updated : 07 Apr 2022, 11:48 PM

তীব্র শ্বাসকষ্ট হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নেওয়া হয় আইসিইউতে।

এখন শ্বাসকষ্ট না থাকলেও এ কে খন্দকারের অবস্থা খুব একটা ভাল না বলে জানিয়েছেন তার স্ত্রী ফরিদা খন্দকার। 

শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনার ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে।

ফরিদা বলেন, “উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই।”

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন।

এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।

মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।

সাত বছর আগে প্রকাশিত তার ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য থাকায় ব্যাপক সমালোচনা হয়। সে সময় সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন এ কে খন্দকার।

প্রকাশের চার বছর পর ২০১৯ সালে তিনি বইটির একটি অনুচ্ছেদ প্রত্যাহার করে নেন এবং ভুল তথ্য দেওয়ার জন্য জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার কাছে ক্ষমা চান।