বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আইনজীবীদের পরম বন্ধুখ্যাত আব্দুল বাসেত মজুমদারের আইন অঙ্গণে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন তিনি।”
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ৮টার দিকে মারা যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার।
৮৩ বছর বয়সী এই আইনজীবী মেরুদণ্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ফুসফুসের জটিলতা দেখা দিলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে হার্ট অ্যাটাক হলে ২৪ অক্টোবর তাকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
