শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে
করোনাভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভগের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৈঠকে উপস্থিত আছেন ।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমীর মুহম্মদ মনসুরুল আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, আইডিসিআরের প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের করার কথা রয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে শূন্য এই শ্রেণিকক্ষ আগামী ৩০ মার্চ আবার ভরবে শিক্ষার্থীদের কলরবে, এমটাই আশা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি
শিক্ষামন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে। উপমন্ত্রী নওফেল জানিয়েছেন, শুরুতে সপ্তাহে এক দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছেন তারা।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না আসায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়েছে।
দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মাঝে সংক্রমণের হার ৩২ শতাংশেও উঠেছিল।
কিন্তু সংক্রমণের হার এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে। ৫ শতাংশ না হলেও বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চাওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এই সংক্রান্ত খবর
