গ্রামের বাড়িকে স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করলেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান
চুয়াডাঙ্গার পলাশপাড়ার নিজ বাড়ি খান মহলকে ‘স্বাস্থ্য সেবা কেন্দ্রে’ রূপান্তর করেছেন মিনিস্টার গ্রপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
কোভিড-১৯ মহামারীতে স্থানীয় জনগণকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে ওই বাড়িতে প্রাথমিকভাবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পরে এটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিনিস্টার গ্রুপ।
মঙ্গলবার সন্ধ্যায় এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে খান মহলকে ‘স্বাস্থ্য সেবা কেন্দ্র’ হিসেবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এম এ রাজ্জাক খান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য।
মঙ্গলবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ও সাবেক মেয়র মো. রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
মিনিস্টার গ্রুপ জানায়, এখন থেকে প্রতিদিন এই জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন।
চুয়াডাঙ্গার বিএমএ এর সভাপতি ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মার্টিন হীরক চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট চিকিৎসক প্রতিদিন সকাল-সন্ধ্যা চিকিৎসা সেবা দেবেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
জেলা প্রশাসক বলেন, “এম এ রাজ্জাক খান রাজের এই উদ্যোগ দেশের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
জরুরী স্বাস্থ্য সেবা চালু করার বিষয়ে রাজ্জাক খান রাজ বলেন, “করোনা মহামারী মোকাবিলায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সহায়তা করতে হবে। সে তাগিদ থেকেই ’আমাদের চুয়াডাঙ্গা ফাউন্ডেশন’ এর ব্যানারে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“দুর্যোগের এই মুহুর্তে অন্য রোগে আক্রান্ত রোগীরাও তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পাচ্ছে না। যার কারণে আমরা এই জরুরি সেবা চালু করেছি। আর এটি হবে সম্পূর্ণ বিনা খরচে।”
অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে পরিচালনা ও বেগবান করতে ‘আমাদের চুয়াডাঙ্গা ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
চুয়াডাঙ্গাবাসী ০১৪০৪৪৩৩৮৮৮ নম্বরে কল করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেতে পারেন ও জরুরি অক্সিজেন পৌঁছানো হবে।
