২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল-অ্যাম্বুলেন্স ‘দালাল চক্রের’ চারজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ঘিরে তৈরি একটি দালাল চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 04:12 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

এরা হলেন- চক্রের হোতা সাহাদৎ হোসেন মামুন (৪৬), মহিন উদ্দিন মামুন (৪৬), রহমত উল্লাহ (৩২) ও আকরাম হোসেন (৫২)।

মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় সাহাদতের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার জাল নোট ও ৫৫০ ইয়াবাও জব্দ করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম বলেন, মহামারীর সুযোগে এক শ্রেণির দালাল চক্র রাজধানীর কিছু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে মোটা অংকের কমিশনের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগী বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে হেনস্থা করছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ ভাড়ায় ঢাকার বাইরের রোগীদের নির্ধারিত হাসপাতালে ভর্তির মাধ্যমেও কমিশন পাচ্ছে। র‌্যাব-২ এর ছায়া তদন্তে উঠে আসে দালাল চক্রের হোতা সাহাদৎ হোসেন ওরফে মামুনের নাম।

জিজ্ঞাসাবাদে ও তদন্তে জানা যায়, উন্নত চিকিৎসার নাম করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী নিয়ে আসে এবং রোগী নিয়ে এসে আইসিইউতে ভর্তি, চেকআপের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

চক্রটির কৌশল সম্পর্কে সাইফুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তারা রোগী নিয়ে আসতো। এক্ষেত্রে জেলা শহরের অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালের দালাল রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

তিনি বলেন, কোরবানির ঈদ সামনে রেখে কোনো কোনো দালাল ও অ্যাম্বুলেন্স চালককে কোরবানির গরুর প্রলোভন দেওয়ার তথ্য পেয়েছে র‌্যাব।

“সাহাদৎ হোসেন মামুন প্রতারণার উদ্দেশ্যে ২৭টি বিয়ে করেছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিয়ের পর মূলত যৌতুক ও টাকা আদায় করে তাদের জিম্মি করা হতো। তাদের দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করাতো।”