রশিদকে ‘মৃত ভেবে’ খালে ফেলে যায় ছিনতাইকারীরা
হাতুড়িপেটা আর ছুরিকাঘাতে নিস্তেজ মোটরসাইকেল চালক আব্দুর রশিদকে মৃত ভেবে তাকে খালে ফেলে দিয়ে বাইক নিয়ে চলে গিয়েছিল তিন ছিনতাইকারী। দুই মাস পর তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মে মাসের মাঝামাঝি সময়ে ঢাকার তিনশ ফুট সড়কে যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীর কবলে পড়েন ৩২ বছর বয়সী রশিদ। দীর্ঘ চিকিৎসার পর ভাগ্যক্রমে বেঁচে গেলেও এখনও ধকল সামলে উঠতে পারেননি তিনি।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রানা ওরফে হৃদয় (২০) এবং মো. উজ্জ্বল আলী (২৪) নামে দুজনকে তারা গ্রেপ্তার করেছেন।
মঙ্গলবার বিকালে ঢাকার মিরপুর ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মশিউর রহমান জানান, আব্দুর রশিদের বাড়ি পঞ্চগড়ে, ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লিফটম্যান ও ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন তিনি। নিয়মিত পেশার পাশাপাশি কখনো কখনো নিজের মোটরসাইকেল নিয়ে রাইড শেয়ারে যাত্রী পরিবহন করতেন বাড়তি উপার্জনের আশায়।
গত ১২ মে সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের দক্ষিণের গেটের কাছে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন রশিদ। এক যুবক বসুন্ধরার আফরোজা রোডে যেতে চাইলে ৭০ টাকা ভাড়ায় তিনি রাজি হয়ে যান।
একটা পর্যায়ে ঠিকানা খুঁজে পাচ্ছেন না বলে আরোহী যুবক আব্দুর রশিদকে নিয়ে বসুন্ধরা আবাসিকের মধ্যে এ রাস্তা-ও রাস্তা ঘুরতে থাকেন।
দীর্ঘ সময় ঘোরাঘুরিতে বিরক্ত রশিদ এক পর্যায়ে মোটরসাইকেল থামিয়ে ৭০ টাকার পরিবর্তে ১৫০ টাকা ভাড়া দাবি করলে ওই যুবক তাতেই রাজি হয়ে যায়।
বিভিন্ন সড়ক ঘুরিয়ে আরোহী যুবক আব্দুর রশিদকে নিয়ে যায় পূর্বাচলগামী ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পশ্চিম পাশে।
মশিউর রহমান জানান, সেখানে অপেক্ষায় ছিল আরও দুই যুবক। তাদের একজন একহাজার টাকার নোট দেখি কৌশলে রশিদকে বাইক থেকে নামায়। তারপর মাথা, হাঁটু ও উরুতে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে।
“আব্দুর রশিদ মাটিতে পড়ে গেলে তিন ছিনতাইকারীর একজন চাপাতি দেখিয়ে তাকে চুপ থাকতে বলে। অন্যজন ছুরি দিয়ে রশিদের গলা কাটতে যায়। রশিদ ভয়ে চিৎকার করলে তার পিঠের বাঁ পাশে উপর থেকে নিচ পর্যন্ত ছুরিকাঘাত করে সেই ছিনতাইকারী। মারাত্মক রক্তক্ষরণে রশিদ নিস্তেজ হয়ে পড়ে।
“রশিদ মারা গেছে ভেবে তারা তাকে টেনে ৩০০ ফুট রাস্তার উত্তর পাশের খালে ফেলে দেয়। তারপর মোটরসাইকেল নিয়ে চলে যায়।”
খিলক্ষেত থানা পুলিশ পরে রশিদকে খাল থেকে উদ্ধার করে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ চিকিৎসা শেষে রশিদ খিলক্ষেত থানায় ছিনতাই ও দস্যুতা ধারায় মামলা করেন।
মশিউর রহমান বলেন, মঙ্গলবার দুজনকে গ্রেপ্তারের পর পূর্বাচলগামী এক্সপ্রেসওয়ে এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে খালের পাশে তাদের দেখানো জায়গার মাটি খুঁড়ে চাপাতি ও হাতুড়িটি উদ্ধার করা হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “এই দুজন ফেনসিডিলে আসক্ত। আগেও তারা চুরি ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।”
গ্রেপ্তার হৃদয় ও উজ্জ্বল পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, রশিদের মোটরসাইকেলটি তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা এলাকায় নয়ন নামে এক দালালের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই তথ্য পেয়ে চুয়াডাঙ্গার জেলা পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান উপ-কমিশনার মশিউর।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনের মধ্যে রানা প্রথমে রশিদের মোটরসাইকেলে উঠেছিল। বাকি দুজন ছিল ঘটনাস্থলে। পুলিশ তৃতীয় আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করছে।
